মেয়র পদপ্রার্থীদের কাছে সরাসরি প্রশ্ন করার সাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবলিক উইন্ডোবিডির প্রথম পৃষ্ঠা
পাবলিক উইন্ডোবিডির প্রথম পৃষ্ঠা

দুই সিটি করপোরেশন নির্বাচনের পোস্টারে ছেয়ে গেছে রাজধানীর অলিগলি। প্রার্থীদের প্রচারণা চলছে জোরেশোরে। যাঁদের জন্য নির্বাচন, সেই নাগরিকেরা কী চান, তার খবর কি কেউ রাখে? ঢাকার ৩৫ শতাংশ মানুষ চান যানজট সমস্যার স্থায়ী সমাধান। ১২ শতাংশের মতে ময়লা-আবর্জনার ব্যবস্থাপনা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ ছাড়া বিনোদন, রাস্তাঘাট, প্রযুক্তি, নিরাপত্তা, বিদ্যুৎ, জনস্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের উন্নয়নের কথা বলেছেন অনেকে। নাগরিক জীবনের এই সমস্যাগুলোর কথা উঠে এসেছে পাবলিক উইন্ডোবিডি নামের ওয়েবসাইটে (www.publicwindowbd.com) । 

স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভ ফাউন্ডেশন, জাগরী, ই-আরকি ডটকম এবং ইমিথমেকার্স ডটকমের যৌথ উদ্যোগে তৈরি এই ওয়েবসাইটটি আপনার কথা পৌঁছে দেবে মেয়র পদপ্রার্থীদের কানে। সমস্যার কথা যেমন জানাতে পারবেন, সমাধানের পথও তেমনি বাতলে দিতে পারবেন। সেই সঙ্গে মেয়র পদপ্রার্থীদের প্রশ্ন করতে পারবেন সরাসরি।
ওয়েবসাইটটিতে ঢুঁ মেরে তিনটি প্রধান অংশ দেখা গেছে। নাগরিক জীবনের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো এখানে তুলে ধরা হয়েছে। নির্বাচিত হলে মেয়র পদপ্রার্থীরা কোন বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দেবেন তা জানাতে সবাই ভোট দিতে পারবেন এখানে। সেই সমস্যাগুলো নিয়ে প্রার্থীদের সরাসরি প্রশ্ন করার সুযোগও থাকছে ‘আস্ক মেয়র’ অংশে। আপনার নাম, ই-মেইল ঠিকানা দিয়ে প্রশ্ন লিখে পাঠিয়ে দিতে হবে। প্রার্থীরা সেই প্রশ্নের উত্তরও দিচ্ছেন।
মিরপুরের সড়কগুলোর বেহাল দশা, কল্যাণপুর বাজারে ব্যবসায়ীদের দাবি স্থায়ী জায়গা, কিংবা ঢাকা উত্তর ১১ নম্বর ওয়ার্ডের মাদক সমস্যার মতো বিষয়গুলো তুলে ধরেছেন অনেকেই। সমস্যা এবং তার সমাধানের গল্প বলে নিজের অধিকারের কথা তুলে ধরতে ওয়েবসাইটটি নাগরিক সাংবাদিকতার চমৎকার উদাহরণ হিসেবে কাজ করতে পারে।
মেহেদী হাসান