মেয়েদের গণিতভীতি তুলনামূলক কম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়েদের গণিতভীতি তুলনামূলক কম!
ময়েদের গণিতভীতি তুলনামূলক কম!

শ্রেণীকক্ষ বা পরীক্ষায় গণিত বিষয়ে মেয়েদের ভীতি তুলনামূলক কম। জার্মানির একদল গবেষক এমনটিই দাবি করছেন। তাঁদের মতে, মেয়েদের গণিতভীতি বেশি বলে প্রচলিত ধারণা সঠিক নয়।
সাইকোলজিক্যাল সায়েন্স সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে গবেষকেরা বলছেন, শিক্ষার্থীদের গণিতভীতিবিষয়ক পূর্ববর্তী সমীক্ষায় কিছু সীমাবদ্ধতা রয়েছে। এতে সাধারণ গণিতভীতির কথা বলা হলেও ব্যবহারিক ক্ষেত্রগুলোকে (যেমন: শ্রেণীকক্ষ বা পরীক্ষা) হিসাবের বাইরে রাখা হয়।
জার্মানির কন্সটানজ ইউনিভার্সিটি ও থারগাও ইউনিভার্সিটির গবেষকেরা যৌথভাবে ৭০০ জন ছাত্রছাত্রীর ওপর দুই ধাপে জরিপ চালান। পঞ্চম থেকে একাদশ শ্রেণীর ওই শিক্ষার্থীদের গণিতভীতি-সংক্রান্ত কয়েকটি প্রশ্ন করা হয় এবং পরে মুঠোফোনের মাধ্যমে গণিত পরীক্ষা শুরুর আগে তাদের মানসিক অবস্থার তথ্য নেওয়া হয়। আর দ্বিতীয় ধাপে ওই শিক্ষার্থীদের পরীক্ষাপূর্ব প্রশ্নগুলোর সঙ্গে তাদের ফলাফল-পরবর্তী মানসিক অবস্থার তথ্য তুলনা করা হয়।
সংশ্লিষ্ট দুই গবেষক টমাস গটজ ও ম্যাডেলিন বিয়েগ বলেন, প্রচলিত ভুল ধারণার কারণেই মেয়েদের গণিত সম্পর্কে নিরুৎসাহিত করা হয়ে থাকে। এ কারণেই গণিত-সংশ্লিষ্ট পেশায় নারীর উপস্থিতি তুলনামূলক কম দেখা যায়। ইউরেকাঅ্যালার্ট।