মেরুদণ্ডের জটিল রোগের চিকিৎসায় নতুন সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মেরুদণ্ড ও মাংসপেশি মানুষের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত। এদের সঙ্গে পুরো শরীর কোনো না-কোনোভাবে সম্পৃক্ত। তাই মেরুদণ্ড বা মাংসপেশিতে কোনো সমস্যা হলে প্রভাব পড়ে পুরো শরীরে। আর এসব সমস্যার চিকিৎসাও বেশ জটিল ও ঝুঁকিপূর্ণ। তবে বিজ্ঞানীরা এই প্রথমবার গবেষণাগারে তৈরি করেছেন মেরুদণ্ডের স্পাইনাল কর্ডের উপযোগী বিশেষ ধরনের কোষ (সিড সেল)। এটি মানুষের শরীরে প্রতিস্থাপনের মাধ্যমে মেরুদণ্ড ও পেশির চিকিৎসায় সাফল্যের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
যুক্তরাজ্যের স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল রিসার্চ কাউন্সিলের ওই উদ্ভাবনে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির বিশেষজ্ঞ জেমস ব্রিসকো। সিড সেল হলো এমন একটি কোষ যা পরবর্তী সময়ে প্রয়োজনীয় কোষে রূপান্তর করা যায়। আর স্পাইনাল কর্ড হলো একটি সিলিন্ডারের মতো লম্বা অঙ্গ। এটির প্রস্থ মানুষের একটি ছোট আঙুলের প্রায় সমান। মস্তিষ্কের নিচের অংশের মেডুলা অবলংগাটা থেকে শুরু হয়ে ভার্টেব্রা (মেরুদণ্ডের নিচের অংশের শেষ পাঁচটি স্তর) পর্যন্ত বিস্তৃত। পুরুষের ক্ষেত্রে এটি প্রায় ১৮ ইঞ্চি আর নারীর ক্ষেত্রে প্রায় ১৭ ইঞ্চি লম্বা হয়ে থাকে। আর এটির প্রস্থ এক ইঞ্চির চার ভাগের এক ভাগ থেকে আধা ইঞ্চি পর্যন্ত।
স্পাইনাল কর্ডের মূল উপাদান স্নায়ুকোষ। এটির কাজ হলো মস্তিষ্ক থেকে কোনো নির্দেশ শরীরের নির্দিষ্ট অংশে পৌঁছে দেওয়া। স্পাইনাল কর্ড আর মস্তিষ্ক মিলে মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র (সিএনএস) গঠিত হয়। স্পাইনাল কর্ডের কোনো সমস্যা হলে মাসকুলার ডিসট্রোপি নামক রোগ হয়। এ ধরনের অসুখে আক্রান্ত হলে মানুষের মেরুদণ্ড, মাংসপেশি ও কঙ্কাল দুর্বল হয়ে পড়ে। ফলে স্বাভাবিক চলাফেরায় ব্যাঘাত ঘটে এবং অন্যান্য শারীরিক জটিলতাও তৈরি হয়।
গবেষণাগারে সিড সেল তৈরির জন্য গবেষকেরা মানুষের শৈশব থেকে ধারাবাহিক বৃদ্ধির প্রক্রিয়া অনুসরণ করেন। তাঁদের মতে, ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধিকালে স্পাইনাল কর্ড, পেশি ও কঙ্কাল গঠিত হয় নিউরো-মেসোডার্মাল প্রোজেনিটর (এনএমপি) নামক বিশেষ ধরনের কোষ থেকে। এনএমপি থেকে স্পাইনাল কর্ডের স্টেম সেল তৈরির প্রচেষ্টায় স্কটল্যান্ডের গবেষকেরা ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এনএমপির গঠনপ্রক্রিয়ায় বিভিন্ন রাসায়নিক বস্তুর উপস্থিতির তথ্য নেন। সেই তথ্যের ভিত্তিতে তাঁরা ইঁদুর ও মানুষের সাধারণ স্টেম সেলকে এনএমপিতে রূপান্তর করেন। আর পরে তা থেকে তৈরি করেন স্পাইনাল কর্ডের স্টেম সেল।
তবে গবেষণাগারে স্পাইনাল কর্ডের কোষ তৈরি করা এখনো সম্ভব হয়নি। তাই এটি ব্যবহার করে মেরুদণ্ড ও পেশির চিকিৎসার জন্য আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে।
তার পরও বিজ্ঞানীদের বর্তমান অর্জন বা সাফল্যকে খাটো করে দেখার উপায় নেই। কারণ, এটি ভবিষ্যতের স্পাইনাল কর্ডের কোষ নিয়ে বিশদ গবেষণায় পথ সুগম করেছে। এখন রোগীর শরীর থেকে স্টেম সেল নিয়ে মাসকুলার ডিসট্রোপিসহ নানা রোগের চিকিৎসার উপায় আবিষ্কারের লক্ষ্যে গবেষণা করা যাবে। আর জানা যাবে রোগের কারণ এবং তা এড়ানোর উপায়।
ইনডিপেন্ডেন্ট।