
এ যে অবিশ্বাস্য! মেলবোর্নের রাস্তাঘাটে পড়ে আছে রঙিন টিভি, এয়ারকুলার, নয়া সোফা সেট অবধি। পছন্দ হলো তো নিয়ে যান। ১০০ ভাগ ফ্রি! ভাববেন না আবার অচল মাল ফেলে দেওয়া হয়েছে রাস্তায়। এসব মুফত মালপত্রের সঙ্গে জুড়ে দেওয়া চিরকুটখানি পড়ুন। সেখানে ‘টেক মি প্লিজ।’ অথবা ‘ইটস ওয়ার্কিং’ এই জাতীয় কথাবার্তা যত্ন করে লেখা থাকবে চিরকুটে। চিরকুটের ‘করুণ আর্তি’ পড়ে মনে হবে, আহা, নিয়েই যাই না কেন!
ঘটনায় ফাঁকি নেই একরত্তি। গত মাসে মেলবোর্নে পা রেখেই শুনি এই ঘটনা। পথেঘাটে আকছার এ রকম জিনিসপত্র পড়ে থাকে মেলবোর্নে। যার প্রয়োজন সে কুড়িয়ে নিয়ে গেল। খুবই মামুলি ঘটনা মেলবোর্নে।
এ রকমও ঘটতে পারে! চক্ষু-কর্ণের বিবাদ ভঞ্জন করতে বেরিয়েছি রাস্তায়। বক্সহিল এলাকাটা মোটামুটি চীনাদের এলাকা হিসেবে পরিচিত। রাস্তায় বেরোলেই চট করে বুঝে নিতে অসুবিধে হয় না, এই শহর কেন পৃথিবীর সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকায় এক অথবা দুই নম্বরে আছে গেল বেশ কয়েক বছর ধরে। গাড়ির মাথা খারাপ করা হর্ন নেই। একতলার ওপরে খুব বেশি বাড়ি নেই। গ্রীষ্মের খুশি সবখানে। বড়সড় মেপল গাছগুলো ছায়া ফেলে রেখেছে ফুটপাতে। সেই ফুটপাত গাড়ি চলা রাস্তার মতোই চওড়া। একটা রাস্তা পায়ে চলার। একটা রাস্তা গাছগাছালির। আরেকটা রাস্তা গাড়ি চলার। এই দেখা যাচ্ছে মেলবোর্নের নিয়ম। মিনিট পাঁচেক ঘোরাঘুরি না করতেই মিলে গেল প্রমাণ। একতলা একটা বাড়ি। বাড়ির চারপাশে সুনসান, কেউ নেই। সামনেই রাখা একটা ৩২ ইঞ্চি টেলিভিশন। সঙ্গে একটা চলনসই ম্যাট্রেসও।
বাহ! ৩২ ইঞ্চি একটা টিভির দাম তো নেহাত কম নয়। ইচ্ছে করছে আরেকটু কাছে ঘেঁষে দেখি। আমাদের দেশীয় ঘরানার জড়তা এসে জাপটে ধরল। যত দামিই হোক, অন্যের ফেলে দেওয়া জিনিস কুড়াব, তাই বা কী করে হয়।
বক্সহিলের বাসিন্দা বড় ভাই তারিকুল হাসানকে ফোন করি। ‘টিভি নিতে চাও? ৩২ ইঞ্চি। একদম টিপটপ।’
সে হাসে। ‘নাহ, নিতে চাই না। আমাদের বাসায় যেটা আছে, সেটাই ফেলে দিতে হবে দুদিন পরে।’
বলে কি! এত বড় জমিদার। পুরোপুরি বিশ্বাস করতে না পেরে ফোন করি সিডনি প্রবাসী লেখক শাখাওয়াৎ নয়নকে।
নয়নও হাসেন। ‘ভাই, ঘটনা সত্যি। আমি কয়দিন আগে আমার টিভিটা ফেলে দিছি। অনেক মায়া লাগছিল।’

ঘটনা ১০০ ভাগ সত্যি। সত্যি সেটা পুনরায় নিশ্চিত হওয়া গেল, যখন দেখলাম পুরো মাসেও বেচারা টিভিটাকেও কেউ নিতে এল না। মেলবোর্নজুড়েই আসলে ডিসেম্বর মাসে চলছিল পুরোনো টিভি ফেলে দেওয়ার হিড়িক। ডিজিটাল টিভি ছাড়া চলবে না আর। অ্যানালগের দিন শেষ।
তবে শুধু টিভি তো নয়। ট্রেন স্টেশনে যাওয়ার পথে পরদিন পা আটকে গেল আবারও। দারুণ একটা সোফা সেট পড়ে আছে রাস্তায়। সঙ্গে দুটো চেয়ারও। নেওয়ার লোক নেই। আরেক দিন ইয়ারাভিল নামে একটা অচেনা স্টেশনে নেমে অকারণে
হাঁটাহাঁটি করছি, হঠাৎ থমকে দাঁড়াতে হলো একটা বাড়ির সামনে। বিশাল একটা এয়ারকুলার পড়ে আছে।
মালিক খুব যত্ন করে সেটার গায়ে কাগজ সেঁটে দিয়ে লিখেছেন, ‘টেক মি প্লিজ’। সঙ্গে এয়ারকুলারটা যে কত ভালো তার লম্বা বিবরণ। মনটা এমন খচখচ করল দেখে। এই তো কদিন আগে ঢাকায় আমি একটা এয়ারকুলার কিনেছি পুরো ১২ হাজার টাকা দামে। সেটা এই কুলারের তুলনায় নস্যি।

এসব জিনিসপত্র ফেলে দেওয়ার কারণ আছে আরও। প্রথম কথা, বাসায় জায়গা বাঁচানো। দেখা না গেলে সেই টিভি কে রাখবে বাসায়। আরও বড় একটা কারণ ঠিকানা বদল। কেউ বাসা-বাড়ি বদল করলে পুরোনো জিনিসপত্র সঙ্গে নিতে চায় না খুব বেশি। কারণ, সেগুলো বহনের খরচা প্রায় সময়ই টিভির বাজারদরকে ছাড়িয়ে যায়। সে কারণেই পুরোনো জিনিস নিয়ে যাওয়ার জন্য এই ঝুলোঝুলি। বলাই বাহুল্য, এই ফেলে দেওয়ার অভিজ্ঞতা আমার নিজেরও হয়ে গেল একদিন।
২৬ ডিসেম্বর বক্সিং ডে। হিসাবি ক্রেতাদের জন্য স্বর্গীয় দিন। সব দোকানেই বড়সড় সেলফ থাকে। কেউ কেউ বিশাল মূল্যছাড়ের লোভে দোকানের সামনেই ঘুমায়। সকালবেলা দোকান খুললেই যাতে সবার আগে ঢুকে অবিশ্বাস্য কম দামের জিনিসটা কিনে ফেলতে পারে। আমরা রাতের ঘুম হারাম করতে রাজি নই কিন্তু সক্কালবেলা হাজির ডিক স্মিথের সামনে। ডিক স্মিথ অস্ট্রেলিয়ার ইলেকট্রনিকস পণ্যের ব্র্যান্ড। বক্সিং ডের বিশেষ সুবিধা তেমন পাওয়া গেল না। তবে ২৫ ডলার দামে একটা ডিভিডি আর ১৯৮ ডলারে ৩২ ইঞ্চি ডিজিটাল টিভি সেট মিলে গেল। এবার পুরোনো টিভিটা ফেলে দেওয়ার পালা।
অনেক ওজন সেটার। বড় ভাই একা নামাতে পারবে না। শেষ মুহুর্তে বেচারা টিভিটার জন্য মায়া লাগল খুব।
শুধু অ্যানালগ হওয়ার দোষে তাকে রাস্তায় ফেলে দিয়ে আসা হবে। থাকুক না আর কটা দিন।
বড় ভাইয়ের ঘরে এখন নতুন ডিজিটাল টিভি চলছে। পুরোনো টিভিটা তারা ফেলে দিয়েছে কি না কে জানে।