মেলা দিয়ে চালু হলো ল্যাপটপ বাজার
মেলার মাধ্যমে রাজধানীর শান্তিনগরে ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সের পঞ্চম তলায় চালু হয়েছে ল্যাপটপ কম্পিউটারের বাজার। গত বৃহস্পতিবার ‘ইস্টার্ন প্লাস বিসিএস ল্যাপটপ বাজার ২০১১’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। এ সময় তিনি বলেন, ‘বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রযুক্তিই আমাদের প্রধান শক্তি।’ বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, প্রযুক্তি ঘরে ঘরে পৌঁছানোর কাজটা সবাইকে সামাজিক দায়িত্ব হিসেবে নিতে হবে। সরকারের পাশাপাশি সবাই এগিয়ে এলে সত্যিকার অর্থে দেশটাকে বদল করতে বেশি দিন লাগবে না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন, বাংলালায়ন কমিউনিকেশনের প্রধান প্রযুক্তি কর্মকর্তা রায়ার কেটলিং, ইস্টার্ন প্লাস দোকানমালিক সমিতির সভাপতি মো. হারুনুর রশীদ, মেলার আহ্বায়ক নাজমুল আলম ভূঁইয়াসহ অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএস সভাপতি মোস্তাফা জব্বার। তিনি জানান, ২১ অক্টোবর পর্যন্ত এখানে মেলা চলবে। মেলার পর এটি ল্যাপটপ কম্পিউটারের স্থায়ী বাজার হিসেবে কার্যক্রম চালাবে। এই বাজারে প্রযুক্তিবিক্রেতা ৫৪টি প্রতিষ্ঠানের ৭৪টি দোকান রয়েছে। মেলায় ঘুরতে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, ইস্টার্ন প্লাসে ল্যাপটপ বাজার শুরু হচ্ছে শুনে দেখতে এলাম, আশা করি নতুন ও ভালো পণ্যসহ বিক্রয়োত্তর ভালো সেবা পাব। প্রদর্শনী উপলক্ষে বেলুন, ফেস্টুন দিয়ে প্রতিটি দোকান সাজানো হয়েছে। এই মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান নানা রকম ছাড় ও উপহার দিচ্ছে। আসুস ও ডেলের ল্যাপটপ কম্পিউটার নিয়ে মেলায় আছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। আসুসের ল্যাপটপ ও ই পিসি সঙ্গে স্পোর্টস টি-শার্ট ও ল্যাপটপ পরিষ্কার করার সামগ্রী এবং ডেল ল্যাপটপের সঙ্গে দিচ্ছে টি-শার্ট। মেলায় কমভ্যালি এনেছে এফঅ্যান্ডডি স্পিকার ও হায়ার ল্যাপটপ। ১০টি মডেলের স্পিকার পাওয়া যাচ্ছে।মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। প্রবেশমূল্য ১০ টাকা। স্কুলের শিক্ষার্থীরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবে। প্রদর্শনীতে প্রতিদিনই থাকবে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নসহ সেমিনার ও মতবিনিময় সভা। এ ছাড়া আয়োজনে থাকছে বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও টিকিটের ওপর র্যাফল ড্র। প্রদর্শনীর শেষ দিন বিকেল তিনটায় থাকছে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রদর্শনীর পৃষ্ঠপোষক বাংলালায়ন, আসুস, তোশিবা, ইস্টার্ন হাউজিং লিমিটেড ও এমএসআই। —বায়েজিদ ভূঁইয়া