মেলা সামনে রেখে মিলনমেলা
‘মিট নিউ বাংলাদেশ’ স্লোগান নিয়ে ১৫ জুন থেকে রাজধানীতে শুরু হচ্ছে তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবার মেলা বাংলাদেশ আইসিটি এক্সপো, ২০১৫। এ আয়োজন সামনে রেখে পৃষ্ঠপোষকদের সম্মানে সম্প্রতি ঢাকার বিসিএস ইনোভেশন সেন্টারে অনুষ্ঠিত মিলনমেলার আয়োজন করে মেলার আয়োজক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।
‘স্পন্সর নাইট’ নামের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। বিশেষ অতিথি ছিলেন আইসিটি-সচিব শ্যাম সুন্দর সিকদার ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম।
বিসিএসের সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ অনুষ্ঠানে মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রদর্শনীর আহ্বায়ক মজিবুর রহমান।
অনুষ্ঠানে জানানো হয়, তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে নতুন বাংলাদেশকে তুলে ধরাই মেলার লক্ষ্য। বিশেষ করে তথ্যপ্রযুক্তি পণ্য নির্মাণ ও উন্নয়নের ক্ষেত্রে অবারিত সম্ভাবনাকে তুলে ধরা হবে এ আয়োজনে।
বিজ্ঞপ্তি