মেলাটি ছিল আবাসন খাতের সফটওয়্যার নিয়ে
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) উদ্যোগে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো দিনব্যাপী সফটওয়্যার মেলা। গতকাল শনিবার ঢাকায় বেসিস মিলনায়তনে ‘আবাসন খাতের সফটওয়্যার’ শিরোনামের এই মেলার উদ্বোধন করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস। তিনি বলেন, ‘উন্নত বিশ্বের সঙ্গে আমাদের আবাসনশিল্পকে এগিয়ে নিতে আবাসন খাতের সঙ্গে সংশ্লিষ্ট সফটওয়্যার অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করতে পারে।’ অনুষ্ঠানে বেসিসের মহাসচিব ফোরকান বিন কাশেম, পরিচালক শেখ কবির আহম্মেদ উপস্থিত ছিলেন। মেলায় মোট ১৩টি প্রতিষ্ঠান অংশ নেয়। বেসিসের স্থানীয় বাজার উন্নয়নবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান উত্তম কুমার পাল প্রথম আলোকে জানান, আবাসনশিল্পের সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোর নানা ধরনের কাজ সঠিক ব্যবস্থাপনার জন্য এই মেলায় প্রদর্শিত সফটওয়্যারগুলো অনেক সহায়ক। তিনি জানান, আবাসনশিল্পের জমি, নির্মাণসামগ্রী, প্লট, হিসাব ব্যবস্থাপনা, যাতায়াত ব্যবস্থাপনা, পরিকল্পনা ও নকশা, কর্মী ব্যবস্থাপনাসহ নানা ধরনের কাজের সহযোগিতার জন্য এই সফটওয়্যারগুলো অত্যন্ত সহায়ক। এগুলোর মাধ্যমে কাজের যেমন স্বচ্ছতা আসে, তেমনি কাজও নির্ভেজালভাবে করা যায়। —মোছাব্বের হোসেন