মেলায় খুদে তথ্যপ্রযুক্তিবিদদের নানা প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেলায় অতিথিরা ঘুরে দেখেন শিক্ষার্থীদের নানা প্রকল্প
মেলায় অতিথিরা ঘুরে দেখেন শিক্ষার্থীদের নানা প্রকল্প

কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র অমি আশরাফ তৈরি করেছে ‘লাইটনিং’ নামে ওয়েবসাইট দেখার একটি সফটওয়্যার (ব্রাউজার)। এতে পূর্ণাঙ্গ ব্রাউজারের সব সুবিধা আছে। লেকহেড গ্রামার স্কুলের দুই শিক্ষার্থী নাইয়ির ইয়ামিন ও আসিফ মল্লিক স্মার্টফোনের জন্য এমন অ্যাপ্লিকেশন (অ্যাপ) তৈরি করেছে যা দিয়ে ঘরে বসেই শিক্ষক পড়াতে পারবেন, শিক্ষার্থী পাবে শিক্ষা। এমন প্রকল্প দেখা গেল গত বৃহস্পতিবার ধানমন্ডিতে কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে আন্তস্কুল তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মেলায়।
সকালে দুই দিনের এ মেলার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় তিনি বলেন, ‘অন্য সবকিছুর পাশাপাশি তথ্যপ্রযুক্তি আয়ত্ত করতে হবে। সারা বিশ্বে এখন প্রযুক্তির বিপ্লব শুরু হয়েছে। আমাদেরও বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। দেশের প্রতিটি প্রান্তে এ রকম আইসিটি মেলার আয়োজনের মাধ্যমে আমাদের তথ্যপ্রযুক্তির যুগে প্রবেশ করতে হবে।’ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান স্কুলটির পরিচালকমণ্ডলীর চেয়ারম্যান এস এম ইমদাদুল ইসলাম ও অধ্যাপক নাইম উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতি কার্ডিফের অধ্যক্ষ জি এম নিজাম উদ্দিন বলেন, নতুন প্রজন্মের মধ্যে তথ্যপ্রযুক্তির জ্ঞান ছড়িয়ে দিতে ও নিত্যনতুন উদ্ভাবনীতে উৎসাহিত করতেই এই মেলার আয়োজন করা হয়েছে।
এই মেলায় ১২টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। খুদে তথ্যপ্রযুক্তিবিদদের তৈরি আইসিটি, শিক্ষা, বিনোদনবিষয়ক নানা প্রকল্প দেখানো হয়েছে মেলায়। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক দল শিক্ষার্থী প্রদর্শন করছে হাতে তৈরি বিভিন্ন ধরনের ড্রোন। ফ্লাইট সিমুলেটরে সে ড্রোনগুলো কীভাবে চালাতে হয় তার অভিজ্ঞতাও নিতে পেরেছেন দর্শকেরা। মেলায় গেম লোগো ডিজাইন, প্রোগ্রামিং, কুইজ ও ডিজিটাল ছবি আঁকার প্রতিযোগিতাও ছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ মেলা শেষ হয়েছে। —মেহেদী হাসান