মেলায় তরুণদের উদ্ভাবন আর নতুন প্রযুক্তির চমক

প্রবল আক্রমণ আর পাল্টা আক্রমণে চলছে ফুটবল ম্যাচ। প্রতিপক্ষের জালে বল জড়ানোর জন্য চলছে লড়াই। শুধু খেলোয়াড় হিসেবে মানুষের বদলে খেলছে রোবট। নিয়ন্ত্রণ অবশ্য মানুষের হাতেই। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গেলে এমন দৃশ্যই দেখা যাবে। গতকাল সোমবার ‘বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৫’-এর উদ্বোধনী দিনে দেখা গেল এমন দৃশ্য। দোতলায় সেলিব্রিটি হলে ইনোভেশন জোনে রোবটের ফুটবলের পাশাপাশি আছে আরও ৩৬টি উদ্ভাবনী প্রকল্প। উড়ন্ত ড্রোনের দেখা মিলবে সেখানে, আছে উদ্ধারকারী রোবট। এমনকি কৃত্রিম হাতও মিলবে, যা নিয়ন্ত্রণ করতে শুধু ইচ্ছার দরকার। বাংলাদেশ যে পিছিয়ে নেই তার উৎকৃষ্ট এক উদাহরণ। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত এই মেলার মূল বিষয়টিও তাই, ‘মেক বাই বাংলাদেশ’। মেলার আহ্বায়ক মজিবুর রহমানও জানান এমনটাই। তিনি বলেন, ‘আমরা যন্ত্রাংশ কিনে অভ্যস্ত, তৈরিতে না। শুরুটা তো করতে হবে। সে সূচনাই হবে এখানে।’
আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব পার্থপ্রতিম দেব জানান, ইন্টারনেট অব থিংস ভারচুয়াল আর বাস্তব বিশ্ব এক করে দিচ্ছে। বাকি দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আমাদের উপযুক্ত মানবসম্পদ তৈরি করতে হবে।
মেলায় বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের স্টল থাকলেও সেদিকে দর্শকদের আগ্রহ কম বলে মনে হয়েছে। আইসিটি বিভাগের স্টলে সরকারের গৃহীত নানা প্রকল্পের প্রদর্শনী চলছে। অনলাইনে বুদ্ধিভিত্তিক সম্পত্তি নিবন্ধনের প্রক্রিয়া কপিরাইট অফিসের স্টলে জানা যাবে। তবে জাতীয় রাজস্ব বোর্ডের স্টলে বেশ ভিড় দেখা যায়। অনলাইনে টিআইএনের জন্য নিবন্ধনের নিয়ম বুঝছেন অনেকেই।
হাতের নাগালে থ্রিডি প্রিন্টারের সহজলভ্যতা ছিল দেখার মতো। মানুষের আগ্রহও ছিল বেশ। কেগার্ড এবং ইউনিক বিজনেস সিস্টেমস লিমিটেড কম খরচের থ্রিডি প্রিন্টার বাজারজাত করছে। তবে সবচেয়ে বড় জটলাটা গেমিং জোনে। সেখানে সবাই তরুণ। কেউ শত্রুপক্ষকে ঘায়েলে বসে আছে কম্পিউটারের সামনে, কারও হাতে মেসি আর রোনালদোর নিয়ন্ত্রণ। স্মার্ট টেকনোলজিসের সৌজন্যে গিগাবাইট আয়োজন করেছে এই গেম প্রতিযোগিতার।
কম্পিউটার সোর্সের পণ্য কিনলে স্ক্র্যাচ কার্ডে পুরস্কার জেতার সুযোগ আছে। আর আইফোন ৬ পাঁচ হাজার টাকায় কেনার সুযোগ আছে লটারির মাধ্যমে। এ জন্য দুই হাজার টাকা দিয়ে নাম নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর কম্পিউটারে সোর্সের পণ্য কেনায় ছাড় পাওয়া যাবে আর লটারির মাধ্যমে পাঁচ হাজার টাকায় মিলতে পারে আইফোন ৬। ইন্টেলের প্যাভিলিয়নে দেখা মিলবে খুদে কম্পিউটারের। ইন্টেল নিরাপত্তা পণ্যে ৫০ শতাংশ ছাড়ও দেওয়া হচ্ছে।
মেলায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার প্রকৌশল বিভাগের ছাত্র ফেরদৌস রহমানের সঙ্গে কথা হয়। আইসিটিতে দেশের অগ্রগতি দেখতে এসেছেন বলে জানান তিনি।
অপরদিকে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এহসানুল হকের আগ্রহ তরুণ উদ্ভাবকদের প্রকল্পে। তিনি বলেন, ‘আমি মেলায় এসেছি শুধু এই তরুণদের উদ্ভাবনী প্রকল্প দেখতে।’
তিন দিনের এ মেলায় প্রতিদিনই থাকছে সেমিনার। মেলার শেষ দিন আগামীকাল। সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে।