মেলার নানা আয়োজন টানছে দর্শক

মূল্যছাড়ে প্রযুক্তিপণ্য কেনার মজার পাশাপাশি দর্শকদের জন্য নানা আয়োজন আছে ঢাকার বিসিএস কম্পিউটার সিটির ‘সিটিআইটি ২০১৪’ মেলায়। ২৬ ফেব্রুয়ারি শুরু হয়েছে এ মেলা। প্রতিদিনই মেলায় দর্শকদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যাচ্ছে।
মেলায় স্যামসাং, আসুস, এইচপি, এপসন, বিকাশ ও অ্যাভিরা প্রতিদিন কনসার্ট, নৃত্য পরিবেশনা ও বিভিন্ন ধরনের কুইজ প্রতিযোগিতার আয়োজন করছে। আজ মেলায় ডিজিটাল আলোকচিত্র প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হবে। শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার নিবন্ধন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিসিএস কম্পিউটার সিটির সভাপতি মজিবুর রহমান স্বপন বলেন, ‘মেলায় দর্শকদের এ আনাগোনায় আমরা খুশি। দর্শকদের চাহিদা অনুযায়ী মেলার বাকি দিনগুলোতেও আমরা বিভিন্ন নতুন পণ্য প্রদর্শনের পাশাপাশি পণ্যে ছাড়, উপহারসহ নানা সুবিধা দেওয়ার ব্যাপারে কাজ করছি।’ মেলায় প্রতিদিনের প্রবেশ টিকিটের ওপর থাকছে নানা আকর্ষণীয় পুরস্কার। মেলার শেষ দিনে মেগা পুরস্কার হিসেবে থাকছে মোটরসাইকেল, এলসিডি টিভি, ল্যাপটপ কম্পিউটার, ডিজিটাল ক্যামেরা, ট্যাবলেট পিসি, প্রিন্টার, ওয়াইফাই রাউটার, টি-২০ বিশ্বকাপের টিকিট, ৮ গিগাবাইট পেনড্রাইভ ইত্যাদি। এ মেলা চলবে আট মার্চ পযন্ত। —রাহিতুল ইসলাম