মেলার শেষ দিনটিও ছিল জমজমাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল থেকেই মেলার প্রবেশপথে দর্শনার্থীদের জটলা। কেউ ঢুকছেন। কারও অপেক্ষা প্রবেশ টিকিটে বাড়তি অংশটি বুঝিয়ে দেওয়ার জন্য। শুনেছেন মেলার শেষ দিন র্যাফল ড্রয়ে আকর্ষণীয় সব পুরস্কার থাকবে। পতেঙ্গা থেকে আসা আরমান হোসেন ও জসিম উদ্দিন নামের দুই বন্ধু সে রকমই জানালেন। প্রায় একই কথা বলেন আরও কয়েকজন তরুণ। গতকাল বৃহস্পতিবার মেলার শেষ দিনটি এমনি জমজমাট দেখা গেছে। বিকেল থেকে ভিড় বাড়তে থাকে। এসেছে নানা বয়সী লোকজন। ব্যস্ততা দেখা গেছে কেনাকাটায়। জননী কম্পিউটারস নামের বিভিন্ন প্রযুক্তি যন্ত্রপাতি (কি প্যাড, মাউস, ওয়েবক্যাম, আইপিএস ইত্যাদি) বিক্রেতা প্রতিষ্ঠানের সার্ভিস অ্যান্ড রিপ্লেস অফিসার মো. কামরুল হুদা জানান, ‘গত দুই দিনের চেয়ে আজই আমাদের বিক্রি বেশি হয়েছে।’ নগরের মুরাদপুরের উডল্যান্ড পার্কে গত মঙ্গলবার শুরু হয় তিন দিনের এ তথ্যপ্রযুক্তি মেলা। ‘জুম চট্টগ্রাম আইসিটি ফেয়ার-২০১০’ নামের মেলার আয়োজক ছিল অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইনপেস ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড।মেলায় ৩০টি স্টল এবং ১৪টি প্যাভিলিয়নে ঢাকা ও চট্টগ্রামের উল্লেখযোগ্য প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান অংশ নেয়। বৃহস্পতিবার রাতে সমাপনী অনুষ্ঠানে র্যাফল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান ও ইনপেসের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল আহসান। —নিজাম হায়দার সিদ্দিকী, চট্টগ্রাম