মেলায় ছোট প্রযুক্তিপণ্যের চাহিদা বেশি
দেশের বৃহৎ কম্পিউটার বাজার বিসিএস কম্পিউটার সিটিতে চলছে তথ্যপ্রযুক্তি মেলা ২০১১-১২। মেলায় নানা নতুন প্রযুক্তিপণ্যের পাশাপাশি রয়েছে প্রযুক্তিতে সংযুক্ত ছোট ছোট পণ্য। মেলার দর্শনার্থীদেরও রয়েছে ছোট প্রযুক্তিপণ্যের প্রতি চাহিদা। মেলায় নিরাপত্তা দেওয়ার জন্য পাওয়া যাচ্ছে স্পাই ক্যাম, যা বসানো যায় শার্টের বোতাম, কলম, সানগ্লাস, এমকি টাইক্লিপেও। এসব পণ্য সম্পর্কে পেরেননিয়াল ইন্টারন্যাশনালের রাসেদুল হক ভূঁইয়া প্রথম আলোকে জানান, নতুন আসা পণ্যগুলোর মধ্যে স্পাই ক্যামেরা বিক্রি ভালো। এসব ক্যামেরা পাওয়া যাবে চার হাজার থেকে ১৪ হাজার টাকার মধ্যে। এসেছে ‘ভিডিও ডোর বেল’ নামের নিরাপত্তা ডিভাইস। মেলায় পাওয়া যাচ্ছে ডিভিডি প্রজেক্টর, যাতে সংযুক্ত আছে একটি ডিভিডি প্লেয়ার। এর মাধ্যমে কম্পিউটার ছাড়াই সিডি বা ডিভিডি ক্যাসেট দিয়ে চালানো যাবে। স্যাটেলাইটের সাহায্যে এটির মাধ্যমে টেলিভিশনের কাজও চালানো যাবে। ছোটদের জন্য জেটিএক্স এনেছে ভিডিও গেমস ‘টাচ ম্যাজিক বক্স’। এটি পাওয়া যাবে আট হাজার ৫০০ থেকে ১০ হাজার টাকার মধ্যে। পাওয়া যাচ্ছে ইন্টেলের নতুন এসএসপি হার্ডডিস্ক। এই হার্ডডিস্কটি ব্যবহার করে মাত্র দুই কিংবা তিন সেকেন্ড কম্পিউটার চালু করা সম্ভব এবং এ হার্ডডিস্ক থেকে তথ্য মুছে যাবে না। গতকাল বিসিএস কম্পিউটার সিটির সাপ্তাহিক বন্ধ থাকলেও মেলা উপলক্ষে খোলা রাখা হয়েছিল। ২৬ ডিসেম্বর শুরু হওয়া এই মেলা চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন মেলায় থাকছে গেমিং প্রতিযোগিতা, ডিজিটাল ফটোগ্রাফি প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও রক্তদান কর্মসূচি। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। —রাকিব মোজাহিদ