মেলায় নতুন পণ্যের প্রতি আগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন কী এসেছে? মেলায় দর্শকদের মূল প্রশ্নই এটা। এর ব্যতিক্রম নয় ঢাকার বিসিএস কম্পিউটার সিটির সিটিআইটি-২০১০ মেলাও। মেলায় আসা দর্শকদের নতুন প্রযুক্তিপণ্যের প্রতিই আগ্রহ বেশি। আর হচ্ছে কোন পণ্যের সঙ্গে কী সুবিধা পাওয়া যাচ্ছে, সে ব্যাপারে। গতকাল শনিবার মেলার তৃতীয় দিনে কম্পিউটার সিটিতে আসা বেসরকারি চাকরিজীবী ইফতেখার আলম প্রথম আলোকে জানান, ‘নতুন নতুন প্রযুক্তির পণ্যগুলো তিনি দেখছেন। বিভিন্ন পণ্যে ছাড় এবং পুরস্কারের বিষয়টিও দেখে নিচ্ছেন তিনি। কম্পিউটার মেলাগুলোতে ল্যাপটপের প্রতি ব্যাপক আগ্রহ থাকে ক্রেতাদের। মেলায় ডেল ও ফুজিত্সু ল্যাপটপের সঙ্গে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সুগন্ধি দিচ্ছে কম্পিউটার সোর্স। ফিলিপস মনিটর এবং লেক্সমার্ক প্রিন্টারের সঙ্গে দিচ্ছে একটি করে জ্যাকেট। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) আসুস ল্যাপটপের সঙ্গে স্ক্র্যাচকার্ড দিচ্ছে। এতে ঢাকা-ব্যাংকক-ঢাকা বিমান টিকিট, সর্বোচ্চ পাঁচ হাজার টাকার গিফট ভাউচার পাওয়ার সুযোগ রয়েছে। আর প্রতিটি আসুস ল্যাপটপের সঙ্গে দুই হাজার টাকার কিউবি ওয়াইম্যাক্স মডেম দিচ্ছে প্রতিষ্ঠানটি। রায়ানস কম্পিউটার তোশিবা ল্যাপটপের সঙ্গে তারহীন মাউস, লেনোভো ল্যাপটপের সঙ্গে এজ মডেম দিচ্ছে। রায়ানস কম্পিউটার থ্রিএমের পকেট প্রজেক্টর বিক্রি করছে ৩০ হাজার টাকায়। আর বিশেষ ছাড়ে এইচপির তারহীন ও ব্লুটুথ মাউস বিশেষ ছাড়ে বিক্রি করছে প্রতিষ্ঠানটি।মেলা উপলক্ষে বিসিএস কম্পিউটার সিটির পুরো জায়গা জুড়ে আছে কিউবির তারহীন উচ্চগতির ওয়াইম্যাক্স ইন্টারনেট সংযোগ।যে কেউ বিনামূল্যে এ ইন্টারনেট ব্যবহার করতে পারবে। মেলায় কিউবি বিশেষ ছাড়ে তিন হাজার টাকায় ওয়াইম্যাক্স মডেম বিক্রি করছে। আলফা টেকনোলজিস বিভিন্ন ধরনের ইউপিএস ও আইপিএসের ক্ষেত্রে দিচ্ছে মূল্যছাড় এবং এ স্টলে পাওয়া যাবে ডিভিডি আকৃতির ছোট ইউপিএস।গতকাল সন্ধ্যায় মেলার কেন্দ্রীয় মঞ্চে এশিয়াটিক সোসাইটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও অভিনেতা ফজলুর রহমান বাবুকে সংবর্ধনা দেওয়া হয়। আজ মেলার কেন্দ্রীয় মঞ্চে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন এবং অভিনেত্রী নাদিয়াকে সংবর্ধনা দেওয়া হবে। এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে। —নুরুন্নবী হাছিব ও বাদল খান