মেলায় নতুন প্রযুক্তির মনিটরের প্রতি আগ্রহ বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটাসোটা ভারী সিআরটি মনিটরের দেখা মেলাই এখন ভার। এলসিডি (লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে) আর এলইডি (লাইট এমিটিং ডায়োড) মনিটরের প্রতি এখন ক্রেতাদের আগ্রহ অনেক বেশি। ঢাকায় বিসিএস কম্পিউটার সিটির বার্ষিক মেলা ‘সিটি আইটি ২০১১’-এও সে চিত্র দেখা যাচ্ছে। দর্শকদের অনেকেই খোঁজ নিচ্ছেন নতুন মনিটরের ব্যাপারে।তৃতীয় দিনে গতকাল শনিবার মেলায় গিয়ে দেখা যায়, দর্শকদের ব্যাপক আনাগোনা। এদিকে রোববার সাপ্তাহিক ছুটির দিন থাকা সত্ত্ব্বেও আজ মেলা খোলা থাকছে। মেলার আহ্বায়ক এ এল মজহার ইমাম চৌধুরী এ ব্যাপারে বলেন, ‘মেলায় ছন্দপতন ঘটাতে চাই না। তাই আগামীকাল (আজ রোববার) মেলা খোলা থাকবে।’মেলায় স্যামসাংয়ের ১৭ থেকে ২৪ ইঞ্চির এলসিডি ও এলইডি মনিটর পাওয়া যাচ্ছে। দাম সাত থেকে ২৫ হাজারের মধ্যে। রায়ানস কম্পিউটারে আছে নয় হাজার ২০০ টাকার সাড়ে ১৮ ইঞ্চি এলইডি মনিটর। ইনডেক্স আইটি লিমিটেড ২৪ ইঞ্চি স্যামসাং মনিটর দিচ্ছে ২৪ হাজার ৪০০ টাকায়। গ্লোবাল ব্র্যান্ডে এলইডি ১৮ দশমিক ৫ ইঞ্চি এলজি মনিটরের দাম নয় হাজার ৭০০ টাকা। একই আকারের এলসিডি মনিটরের দাম আট হাজার ৫০০ টাকা। এলজি ১৯ ইঞ্চি মনিটরের দাম আট হাজার ৬০০ টাকা। আসুসের ১৬ থেকে ২১ দশমিক ৫ ইঞ্চি পর্দার মনিটর আছে মেলায়। ১৬ ইঞ্চির দাম সাত হাজার ১০০ টাকা আর ২১ দশমিক ৫ ইঞ্চির দাম ১৫ হাজার ২০০ টাকা। আসুসের সাড়ে ২১ ইঞ্চি এলসিডি ১৪ হাজার ২০০ টাকা ও এলইডি মনিটরের দাম ১৫ হাজার ৫০০ টাকা। কম্পিউটার সোর্সে আছে ফিলিপসের মনিটর। সাড়ে ১৮ ইঞ্চি এলসিডি মনিটরের দাম আট হাজার ৩০০ টাকা। ১৬ ইঞ্চি মনিটরের দাম সাত হাজার ২০০ টাকা।মেলার আয়োজকেরা নানা রকম প্রতিযোগিতার আয়োজন করেছেন। গতকাল স্যামসাং ফটো প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। গ্রুপ এ-তে বিজয়ী হয়েছেন ইসমাইল ফেরদৌস, আতাতুল হাবিব, কাজী নওমি সিহাব এবং গ্রূপ বি-তে বিজয়ী হলেন আখলাস উদ্দীন, আবদুল সাহেব ও সাইদ রাসেল। মেলায় বাংলালায়ন তারহীন ওয়্যাইম্যাক্স ইন্টারনেট মডেম বিক্রি করছে এক হাজার ৯৯ টাকায়। বাইনারি লজিক চার হাজার টাকায় দিচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম। মেলা চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন মেলা সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকছে। —জাহাঙ্গীর আলম