মেলায় পুরস্কার পেল ১৪ প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলা গতকাল শনিবার শেষ হয়েছে। চার দিনের এ মেলার শেষ দিনে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নানা বয়সের মানুষের ভিড় ছিল সারা দিন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দলে দলে শিক্ষার্থীরা মেলা দেখতে আসে।মেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বাংলাদেশ পুলিশ যৌথভাবে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনের পক্ষে ভোট সংগ্রহ করেছে। চার দিনে সাত হাজারেরও বেশি ভোট সংগৃহীত হয়েছে। গত শুক্রবার ডিজিটাল উদ্ভাবনী মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রযুক্তিবিদ সজীব আহমেদ ওয়াজেদ জয় এবং আইসিটি বিভাগের সচিব মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মঈনুদ্দীন আবদুল্লাহ। মেলায় বিচারকদের ভোটে ১০টি এবং দর্শক ভোটে চারটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। ই-সরকার বিভাগে প্রথম হয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম, দ্বিতীয় অনলাইন ইনস্যুরেন্স ব্যবস্থার জন্য জীবন বীমা করপোরেশন, বিশেষ সম্মাননা হিসেবে প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত র‌্যাব ও রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানির অনলাইন বিজনেস রেজিস্ট্রেশন সিস্টেম পুরস্কার পায়। শ্রেষ্ঠ বেসরকারি উদ্যোগ হিসেবে এমএম সার্ভিসের বিপণন প্রো নির্বাচিত হয়েছে। ই-সেবা বিভাগে প্রথম হয়েছে জেলা ওয়ানস্টপ সার্ভিস, দ্বিতীয় টিচার-লিড কনটেন্ট শেয়ারিং ব্লগ, বিশেষ সম্মাননা পেয়েছে স্বাস্থ্যসেবা অধিদপ্তরের টেলিমেডিসিন নেটওয়ার্ক এবং আবহাওয়া অধিদপ্তরের মোবাইল ফোনে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ব্যবস্থা শ্রেষ্ঠ বেসরকারি উদ্যোগ হিসেবে ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা নির্বাচিত হয়েছে। দর্শকদের ভোটে ডিজিটাল সেবায় জনপ্রিয় সরকারি প্রতিষ্ঠান হিসেবে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ জরিপ অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তর। বেসরকারি সংগঠন হিসেবে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় হয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতি এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস—বেসিস। —মোছাব্বের হোসেন