মেলায় বিভিন্ন কম্পিউটারে ক্রেতাদের আগ্রহ
ঢাকার বিসিএস কম্পিউটার সিটির বার্ষিক মেলায় বিশেষ মূল্যে কম্পিউটার কেনার দিকে যথেষ্ট আগ্রহ দেখা যাচ্ছে দর্শকদের। বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে তবেই পছন্দসই কম্পিউটার কিনছেন ক্রেতারা। সিটিআইটি মেলায় এমনটা প্রতিদিনই দেখা যাচ্ছে।গতকাল মঙ্গলবার মেলার ষষ্ঠ দিনে দেখা গেল দর্শকদের উপচেপড়া ভিড়। দুপুর থেকে প্রতিদিনই ভিড় বাড়তে থাকে।মেলার আহ্বায়ক এ এস এম আবদুল মুক্তাদির প্রথম আলোকে জানান, প্রতিদিনই মেলায় প্রযুক্তিপ্রেমী দর্শক বাড়ছে। কম্পিউটার সিটির বার্ষিক এ মেলায় স্থায়ী প্রতিষ্ঠান ছাড়াও এবার রয়েছে আরও বেশ কিছু প্রতিষ্ঠান।এমনকি বিদেশিপ্রযুক্তিপ্রতিষ্ঠানও এতে অংশ নিচ্ছে বলে জানান তিনি।মেলায় কম্পিউটার সোর্স লিমিটেড ছয় ধরণের সিএসএম পিসি বিশেষ ছাড়ে বিক্রি করছে। সিএসএম পিসির দাম ১৯ হাজার ৭০০ থেকে সর্বোচ্চ ৩৭ হাজার ৪০০ টাকা।প্রতিটি কম্পিউটারে রয়েছে বিশেষ পুরস্কার ও তিন বছরের বিক্রয়োত্তর সেবা। রায়ানস কম্পিউটার নয় ধরণের ডেস্কটপ কম্পিউটার এনেছে।এলসিডি মনিটরসহ সর্বনিম্ন ১৮ হাজার ৯০০ টাকায় কম্পিউটার আছে এখানে।রিশিত কম্পিউটার্স ডেস্কটপ কম্পিউটার পাঁচটি প্যাকেজে বিক্রি করছে।প্রতিষ্ঠানটি রিশিত স্টুডেন্ট পিসি নামের কম্পিউটার ১৩ হাজার বিক্রি করছে। প্রতিটি কম্পিউটারে থাকছে বিশেষ উপহার। স্মার্ট টেকনোলজিস কম্প্যাক সিরিজের ডেস্কটপ কম্পিউটারে দিচ্ছে বিশেষ ছাড়। টেকনোএজ করপোরেশন সর্বনিম্ন ১৯ হাজার ৩৫০ টাকায় কম্পিউটার দিচ্ছে। প্রতিটি কম্পিউটারে রয়েছে স্ক্র্যাচ কার্ড এবং পুরস্কার হিসেবে ভ্রমণ টিকিট। গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড মেলায় ছয়টি প্যাকেজে বিশেষ মূল্য ছাড়ে কম্পিউটার দিচ্ছে। মেলা থেকে ওয়াইম্যাক্স সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালায়নের সংযোগ নিলে ফেব্রুয়ারি মাসের মাসিক ফি দিতে হবে না।সিটিআইটি মেলায় প্রবেশ টিকিটের মূল্য ১০ টাকা। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা খোলা থাকছে।মেলার কেন্দ্রীয় মঞ্চে আজ বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান ও অভিনেতা মনির খান শিমুলকে সংবর্ধনা দেওয়া হবে। —বাদল খান