মেলায় মোবাইল ট্যাবের ব্যাপক বেচাকেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে ‘রবি স্মার্টফোন ও ট্যাব এক্সপো’ নামের তিন দিনের মেলা। আজ শুক্রবার মেলার দ্বিতীয় দিন। প্রথম দিনেই মেলা ছিল জমজমাট। মোবাইল ট্যাব বিক্রিও হয়েছে ব্যাপক। আজ শুক্রবার বিকেলেও মেলা ঘুরেও ব্যাপক ভিড় দেখা যায়। টিকিট কাটার দীর্ঘ লাইন সেখানে।
আজ বিকেলে মেলায় গিয়ে দেখা গেল মেলার মধ্যে পা ফেলার জায়গা নেই। গতকাল সন্ধ্যায়ও ছিল একই চিত্র। গতকাল সন্ধ্যায় মেলার সিম্ফনির স্টলের সামনে গিয়ে দেখা যায় ব্যাপক ভিড়। এক দর্শনার্থীকে কয়েকটি মোবাইল ফোনের মডেল দেখিয়ে বিক্রয়কর্মী বলছেন, ‘ভাই, আমাদের কাছে আপাতত এই কয়েকটি মডেলের মোবাইল ফোন আজ আর নাই।’ কেন? বিক্রয়কর্মী জানালেন, ‘স্টকে যা ছিল, বিক্রি হয়ে গেছে।’
স্যামসাংয়ের স্টলের সামনেও দেখা গেল ব্যাপক ভিড়। হুয়াইয়ের নাকি প্রথম দিনেই সব সেট বিক্রি হয়ে যাওয়ায় মাথায় হাত! মেলায় এত মোবাইল ট্যাবের ক্রেতা হবে অনেকেই নাকি ভাবতেই পারেননি!
মেলার আয়োজকদের দাবি, ‘মেলার প্রথম দিনেই দুই হাজারের বেশি পণ্য বিক্রি হয়েছে। মেলায় সাড়ে আট হাজার টিকিট বিক্রি হয়েছে। আজ শুক্রবার ছুটির দিনে মেলা আরও জমজমাট হবে।’
মেলার আয়োজক এক্সপো মেকারের পরিচালন কর্মকর্তা নাহিদ হাসনাইন বলেন, চতুর্থবারের মতো ট্যাব ও স্মার্টফোনের মেলা হচ্ছে। এবার সবচেয়ে বেশি সাড়া পেয়েছি। ক্রেতারা যেভাবে স্মার্টফোন ট্যাব কিনছেন তা সত্যিই আশ্চর্য হওয়ার মতো বিষয়। মেলা চলবে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। মেলায় প্রবেশমূল্য ২০ টাকা। স্কুলের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরে ও পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে ঢুকতে পারবে।
মেলা ঘুরে দেখা গেছে, প্রতিটি স্টলের সামনেই ভিড়। নতুন ট্যাব স্মার্টফোন নেড়েচেড়ে দেখছেন দর্শনার্থীরা। কেউবা দাম দর করছেন। কেউ ছবি তুলছেন। বিক্রেতারা ব্যস্ত। কেতাদুরস্ত পোশাকের বিক্রয়কর্মীরা ক্রেতাদের মোবাইল ফোনের ফিচার সম্পর্কে জানাচ্ছেন।

স্মার্টফোন ও ট্যাব এক্সপোতে ঢোকার জন্য দীর্ঘ লাইন। আজ শুক্রবার বিকেলে তোলা।
স্মার্টফোন ও ট্যাব এক্সপোতে ঢোকার জন্য দীর্ঘ লাইন। আজ শুক্রবার বিকেলে তোলা।

মেলায় পণ্য কিনলে কিছু না কিছু ছাড় ও উপহার মিলছে। এ জন্যই ক্রেতারা আগ্রহ নিয়ে আসছেন মেলায়।
মেলায় আসা নাজমুল হক বলেন, ‘সারা বছর তরুণেরা হয়তো মা বাবার কাছে ফোন কেনার টাকা চান। মেলার সময় ছাড়ের কথা বলে, মা বাবাকে ফোন কিনে দেওয়ার জন্য রাজি করাতে পারেন।’
মেলায় তরুণদের আনাগোনা দেখা গেছে বেশি। এর মধ্যেই ঘুরঘুর করতে দেখা গেল তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বারকে। মেলা নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি।
মেলার আয়োজকেরা জানালেন, এবারের মেলায় তারকারাও আসছেন। সাকিব আল হাসানের আসার কথা থাকলেও বিদেশ যাওয়ার কারণে আসতে পারেননি। তবে মডেল তারকারা আসছেন সময় পেলেই।
আয়োজকেরা বলেন, ‘বড় পরিসরে মেলা হচ্ছে। প্রচুর ছাড় আর অফার আছে মেলায়। অনেক ব্র্যান্ডের অংশগ্রহণও বেড়েছে এবার। প্রচুর ছাড় পেয়ে ক্রেতারা খুশি।’
মেলায় স্যামসাং, সিম্ফনি, স্টাইলাস, গোল্ডবার্গ, জেডটিই, অপো, হুয়াই, ম্যাক্সিমাস, সনি, রযাংগস, এলিট, আসুস, লেনোভো, মাইসেল, টুইনমস, প্রেস্টিজিও, কন্টিগো, শিয়াওমি, জিওনি, ওয়ানপ্লাস, এইচটিএস, এডাটা, এইচপিএস, গ্যাজেট গ্যাং সেভেন, মেইজু, আইনল, ডিএক্স জেনারেশন ব্র্যান্ডের পণ্য পাওয়া যাচ্ছে। মেলায় বিশেষ ছাড় ও অফারে বিক্রি হচ্ছে ফোন ও ট্যাব।

মেলায় ছাড় ও অফার
মেলা উপলক্ষে স্মার্টফোন ও ট্যাবে ৫০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে স্যামসাং। স্যামসাং বাংলাদেশের স্টলে ৬ হাজার ৯০০ টাকা দামের গ্যালাক্সি এইস নেক্সট ২ পাওয়া যাবে ৬ হাজার ৪০০ টাকায়। একইভাবে প্রতিষ্ঠানটির গ্যালাক্সি কোর প্রাইম ও গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইমও ৫০০ টাকা কমে পাওয়া যাবে। এ ছাড়া স্যামসাং গ্যালাক্সি এ৭, গ্যালাক্সি এ৫, গ্যালাক্সি এস ৬, গ্যালাক্সি জে৫ সহ ১৬ হাজার টাকার বেশি মূল্যের ডিভাইসগুলোতে ১ হাজার টাকা ছাড় পাওয়া যাবে। ৭৯ হাজার ৯০০ টাকার গ্যালাক্সি এস ৬ এজ ডিভাইসটিতে নগদ তিন হাজার টাকা মূল্যছাড় ও উপহার হিসেবে ওয়্যারলেস চার্জার পাওয়া যাবে।
জনপ্রিয় ব্র্যান্ড সিম্ফনি তাদের প্রতিটি স্মার্টফোনে চার শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে।
স্মার্টফোন ও ট্যাব মেলায় দেশের স্থানীয় মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড গোল্ডবার্গ বিশেষ অফার ঘোষণা করেছে। মেলায় হ্যান্ডসেট কিনে স্ক্র্যাচকার্ড ঘষে তিনজন পাবেন সিঙ্গাপুর যাওয়ার সুযোগ। মেলায় গোল্ডবার্গের গেমিং জোনে গেম খেলে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ স্কোর করে জিতে নিতে পারবেন একটি গোল্ডবার্গ স্মার্টফোন। এ ছাড়া স্ক্র্যাচকার্ড ঘষে ৫০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। টি শার্ট, চাবির রিংসহ নিশ্চিত ডিসকাউন্ট কুপন রয়েছে।
মেলা উপলক্ষে ৯ শতাংশ ছাড়ে স্মার্টফোন বিক্রি করছে হুয়াই। প্রতিটি হুয়াই পিএইট লাইট, জিসেভেন এবং মেট ৭ কিনলে বিনা মূল্যে ব্লুটুথ স্পিকার পাওয়া যাচ্ছে।
মোবাইল ব্র্যান্ড ওকাপিয়া ফিউশন মডেলের ফোনে মেলা উপলক্ষে এক হাজার ৫০০ টাকা ছাড় দিচ্ছে। এ ছাড়াও ব্র্যান্ডটির এপিক মডেলে সাত হাজার টাকা ছাড় দিয়ে তা আট হাজার ৯৯০ টাকায় বিক্রি করা হচ্ছে। ওকাপিয়া জয় মডেলে এক হাজার ৩০০ টাকা ছাড় দিয়ে তা বিক্রি করা হচ্ছে তিন হাজার ৯৯০ টাকায়।
এসিআই গ্রুপের হ্যান্ডসেট ব্র্যান্ড স্টাইলাস মোবাইলে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। স্টাইলাস ০৬৫ মডেলের ফোনটিতে সাতশ টাকা ছাড় দিয়ে ১১ হাজার ৮৭৮ টাকায় বিক্রি করা হচ্ছে। এ ছাড়া বিশেষ ছাড়ে প্রতিষ্ঠানটির কিউ ৭৫ সাত হাজার ২৫৫ টাকা এবং কিউ ১৫ চার হাজার ৮৯৫ টাকায় পাওয়া যাচ্ছে।
আরেক দেশি ব্র্যান্ড এলিট তাদের স্মার্টফোনে দিচ্ছে মোবাইল অপারেটর রবির সঙ্গে সাত শতাংশ ছাড়। আর এলিট এনএক্স ১ মডেলের স্মার্টফোনের সঙ্গে একটি ফিচার ফোন দিচ্ছে বিনা মূল্যে।
প্রেস্টিজিও ব্র্যান্ড পিএমপি ৩০০৭ এবং পিএমপি ৩২৭৭ মডেলের দুটি ট্যাব মেলায় বিক্রি করছে সাত হাজার ৬৫০ টাকা এবং আট হাজার ৮০০ টাকায়।
এইচপিএস ব্র্যান্ড বেশ কয়েকটি মডেলের ট্যাব দিচ্ছে কম দামে। কিউবি টক ৭ এক্স মডেলের ট্যাব সাত হাজার ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে। একই দামে তারা চাউই ভিআই ৭ থ্রিজি মডেলের ট্যাবও বিক্রি করছে। এ ছাড়াও তাদের সানেই জি৭০১ থ্রিজি মডেলের দাম পাঁচ হাজার ৫০০ টাকা।
মেলায় এইচটিএস পাঁচ হাজার টাকায় ট্যাব বিক্রি করছে। এইচটিএস অক্টাপ্যাড ইউ ৬৯ মডেলের নয় হাজার টাকা, এইচটিএস ৩৭০ মডেল সাত হাজার টাকা, এইচটিএস এইচ ১০ এর দাম ১২ হাজার, এইচটিএস ৩৬০ আই ছয় হাজার ৫০০ টাকা এবং এইচটিএস ১০০ মডেলের ট্যাব তিন হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।