মেলায় ল্যাপটপ ও ট্যাবলেটে আগ্রহ
বাংলাদেশ কম্পিউটার সমিতির ‘বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০১১’ মেলায় ল্যাপটপ ও ট্যাবলেট কম্পিউটারের প্রতি দর্শকদের আগ্রহ দেখা যাচ্ছে। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবার সকাল থেকেই দর্শকদের আনাগোনা দেখা গেছে। মেলায় যেমন নতুন পণ্য পাওয়া যাচ্ছে, তেমনি আছে নানা রকম ছাড়।মেলায় আসুস বিভিন্ন ল্যাপটপের সঙ্গে এনেছে নতুন একটি নেটবুক কম্পিউটার। এতে আছে অ্যাটম ডুয়েল কোর প্রসেসর। এসার আইকনিয়া নিয়ে এসেছে এ৫০১ মডেলের ট্যাবলেট কম্পিউটার। একই ব্র্যান্ডের ডব্লিউ৫০০ মডেলের দুই রকমের ট্যাবলেট কম্পিউটার আছে। এইচপি এনেছে কোর আই ৭-এর একটি নতুন মডেলের ল্যাপটপ। রিশিত কম্পিউটারে সনির ট্যাবলেট পিসি পাওয়া যাচ্ছে। ডেলের স্টলে পাওয়া যাচ্ছে দ্বিতীয় প্রজন্মের কোর আই ৭ ও কোর আই ৫-এর ল্যাপটপ। স্যামসাংয়ের স্টলে বেশ কয়েক ধরনের ল্যাপটপ ও নেটবুক পাওয়া যাচ্ছে। গতকাল বিকেলে বিসিএসের আয়োজনে ফ্রিল্যানস আউটসোর্সিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশে আউটসোর্সিংয়ের সমস্যা ও সম্ভাবনাসহ নানা দিক নিয়ে আলোচনা করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন-বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম। বক্তৃতা করেন আমেরিকান চেম্বার ইন কমার্স ইন বাংলাদেশের সভাপতি আফতাব-উল ইসলাম, আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আক্তারুজ্জামান মঞ্জু, বিসিএসের সভাপতি মোস্তাফা জব্বার অনেকে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান। সকালে বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ও প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনালের (পিএমপি) উদ্যোগে প্রজেক্ট ম্যানেজমেন্ট গ্লোবাল স্ট্যান্ডার্ড-বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেন, ‘আমাদের দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রকল্প ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা রয়েছে।’ এ সেমিনারে বক্তব্য দেন পিআইএমের প্রেসিডেন্ট এস এম আলতাফ হোসেন, বাংলাদেশ সফটওয়্যার ট্রেনিং বোর্ডের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান প্রমুখ।আজ বেলা ১১টায় ‘বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষাপটে মাল্টিমিডিয়া টেকনোলজি ও ক্রিয়েটিভ আর্টসের সম্ভাবনা’ এবং বিকেল তিনটায় বাংলাদেশের সফটওয়্যার প্যাটেন্টের ক্ষেত্রে ট্রিপস অ্যাগ্রিমেন্টের প্রভাব শীর্ষক সেমিনারের আয়োজন থাকবে।মেলার প্রবেশমূল্য ২০ টাকা। তবে স্কুলের শিক্ষার্থীরা তাদের পরিচয়পত্র দেখিয়ে মেলায় বিনা মূল্যে প্রবেশ করতে পারবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। —নিজস্ব প্রতিবেদক