মেলায় ল্যাপটপের চাহিদা বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তির মেলায় তরুণদের মধ্যে ল্যাপটপ কম্পিউটারে চাহিদা সবচেয়ে বেশি। গতকাল রোববার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০১০ নামের এ মেলার দ্বিতীয় দিনে ক্রেতাদের মধ্যে বিশেষ করে নতুন প্রজন্মের কাছে ল্যাপটপের চাহিদাই বেশি দেখা গেছে। মেলায় তরুণদের পাশাপাশি ছিল শিক্ষার্থীদের ভিড়। মেলায় ক্রেতাদের জন্য ল্যাপটপে রয়েছে নানা ছাড় ও উপহার। মেলায় আসা শিক্ষার্থী লুচি আক্তার বলেন, ল্যাপটপ অনেক বেশি কাজে লাগে। বহনে সুবিধার কারণে সবখানে নিয়ে যাওয়া যায়, তাই মেলায় ল্যাপটপ কম্পিউটার কিনতে এসেছেন বলেজানালেন। নতুন মডেলের বেশ কিছু ল্যাপটপ দেখা যাচ্ছে এবারের মেলায়।মেলায় গ্লোবাল ব্র্যান্ডের আসুস ল্যাপটপে ৫০০ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড় ঘোষণা করা হয়েছে। কম্পিউটার সোর্স এইচপি প্রোবুক ৪৪২০এস, বিজনেস সি৬৫৩০বি, প্রভিলিয়ান ডিএম৪১০৩২টিএক্সসহ বিভিন্ন মডেলের নতুন ল্যাপটপ মেলায় প্রদর্শন করছে। এ ছাড়া ল্যাপটপ কিনলেস্ক্যাচকার্ডে মূল্যছাড়সহ এইচপি মিনি নেটবুট, এলসিডি মনিটর, মাউস, মগ, ক্যাপসহ বিভিন্ন উপহার পাওয়া যাবে। স্যামসাং ল্যাপটপে বিশেষ মডেলে আছে এক থেকে তিন হাজার টাকা পর্যন্ত ছাড় ।ফ্লোরা লিমিটেড এইচপি ল্যাপটপে ৫ শতাংশ ছাড় দিচ্ছে। প্রতিটি ল্যাপটপেই একটি করে স্পিকার বিনা মূল্যে দেওয়া হচ্ছে।সিকিউ৪২-২২০টিইউ ল্যাপটপের সঙ্গে একটি ডেস্কজেট প্রিন্টার বিনামূল্যে পাওয়া যাচ্ছে। মেলায় ঘুরতে আসা ব্যবসায়ী কাজী আশরাফ উদ্দিন আহমেদ বলেন, ‘মেলায় নানা ধরনের নতুন পণ্য, বিশেষ করে অ্যাপলের নতুন পণ্য দেখতে এসেছি। মেলায় একসঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের সর্বশেষ প্রযুক্তি পণ্য পাওয়া যায়, তাই মেলায় আসা।’ মেলায় অ্যাপল কম্পিউটারের আইপড ক্যালাসিক, আইপড টাচ, ম্যাকবুক, ম্যাকবুক এয়ারে মূল্যছাড় পাওয়া যাচ্ছে। এ মেলায় সাড়া জাগানো আইপ্যাডও পাওয়া যাচ্ছে। ৬৪ গিগাবাইটের আইপ্যাডের দাম ৭৫ হাজার টাকা।তোশিবা সি৬৪০-১০০১ইউ, সি৬৪০ডি-১০০৪ইউ, এল৬৩৫-১০৩৫ইউসহ বিভিন্ন মডেলের নতুন ল্যাপটপ মেলা উপলক্ষে বিশেষ মূল্যে পাওয়া যাচ্ছে। এ ব্র্যান্ডের ল্যাপটপ কিনলেইন্টারনেট মডেম, অ্যান্টি ভাইরাসসহ বিভিন্ন উপহার দিয়েছে। রিশিত কম্পিউটার লি. ডেল, সনি ভায়ো, ফুজিৎসু, লেনোভে ল্যাপটপে কিনলে মূল্যছাড়ের পাশাপাশি বিশেষ উপহার দিচ্ছে। মেলার আহ্বায়ক মজিবুর রহমান বলেন, এবারের মেলায় নতুনত্ব আনতে লোকজ ঐতিহ্যের সঙ্গে মিল রেখে নানা আয়োজন করা হয়েছে। প্রথম দিন থেকেই জমজমাটভাবে চলছে মেলা। ইন্টারনেটে ৫০০০ দিন: গতকাল মেলায় কিউবির আয়োজনে ‘ইন্টারনেটের ৫০০০ দিন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে কিউবির প্রধান নির্বাহী জেরি মবস কিউবির বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘ঠিক ৫০০০ দিন আগে আমি যখন ইন্টারনেট ব্যবহার শুরু করেছিলাম, তখনকার অবস্থা আর বর্তমানের ইন্টারনেট ব্যবস্থা পুরোপুরি আলাদা। সে সময়ে ইন্টারনেট ব্যবহারের এক রকম সুযোগ ছিল, এখন তা আলাদা। নতুন প্রজন্মকেও এখন ভাবার সময় হয়েছে যে আগামী পাঁচ হাজার দিন পর কী হবে।’ বিকেলে মেলায় ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতি বিষয়ে তাৎক্ষণিক আলোচনা এবং প্রথম দিনের প্রবেশ টিকিটের ওপর র্যা ফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা বলেন, ডিজিটাল প্রক্রিয়া ভূমি জরিপের কার্যক্রম চলছে। পাশাপাশি ভূমি বিষয়ে বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। পরে তিনি র্যা ফেল ড্রতে বিজয়ী নির্বাচন করেন। এতে সভাপতিত্ব করেন বিসিএসের সভাপতি মোস্তাফা জব্বার। প্রথম দিনের বিজয়ীরা হচ্ছেন কাজী নজরুল ইসলাম, পলাশ মল্লিক, কামরুন্নাহার, আবু সাইদ আল জুবায়ের, কায়েস বিন হাবিব, মো. জাকির, শিহাব বারী, মো. ফোরকান খন্দকার ও জামান। পুরস্কার হিসেবে রয়েছে ল্যাপটপসহ নানা ধরনের প্রযুক্তিপণ্য। আজ বেলা ১১টায় ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির আয়োজনে ‘ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে কাজ এবং উপার্জনের কৌশল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। চারদিনের এ মেলা শেষহবে আগামীকাল। সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে। —তারিকুর রহমান খান ও নুরুন্নবী চৌধুরী