মেলায় স্মার্টফোনের প্রতি আগ্রহ বেশি

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের বাইরের দিকটায় চলছে বিদ্যুৎ মেলা ২০১৪। আর ভেতরের কার্নিভাল হলে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের মেলা। সকাল ১০টায় শুরু হয় মেলা। দুপুরের পর মেলায় দর্শকের ভিড় দেখা যায়। দর্শকদের বেশির ভাগেরই আগ্রহ নতুন স্মার্টফোনের দিকে। আর অনেকেই বিভিন্ন স্টলে এসে দেখছেন কোন ফোনে মূল্যছাড় বা উপহার কী আছে।
সকাল থেকে মেলা শুরু হলেও এর আনুষ্ঠানিক উদ্বোধন হয় বিকেলে। বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান মেলার উদ্বোধন করেন।
মেলায় পাঁচটি প্যাভিলিয়ন, পাঁচটি মিনি প্যাভিলিয়ন ও ১১টি স্টলে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার দেখানো হচ্ছে। মেলায় স্যামসাং, সিম্ফনি, হুয়াউই, ম্যাক্সিমাস, মাইসেল, জিওমি, কাপিয়া ইত্যাদি ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যাচ্ছে। মেলা উপলক্ষে কমবেশি সব প্রতিষ্ঠানই দিচ্ছে নানা ছাড় ও উপহার।
আসুস, লেনোভো, এসার মেলায় দেখাচ্ছে তাদের ট্যাবলেট কম্পিউটার। স্মার্টফোন ও ট্যাবের বিভিন্ন অনুষঙ্গ এনেছে এডেটা। এই মেলার প্রধান পৃষ্ঠপোষক গ্রামীণফোন তুলে ধরছে বিভিন্ন প্যাকেজের তথ্য।
এ মেলার আয়োজক এক্সপো মেকার। প্রতিষ্ঠানটির পরিচালন প্রধান নাহিদ হাসনাইন সিদ্দিকী বলেন, ‘তৃতীয় বারের মেতা এ মেলার আয়োজন করছি আমরা। এবারও এ মেলা দর্শক টানবে বলে আশা করছি।’
মেলায় সিম্ফনি বিশেষ ছাড়ের কুপন দিচ্ছে। এই কুপন নির্দিষ্ট দোকানগুলোতে দেখালে ছাড় মিলবে। এক হাজার টাকা ছাড়ে আসুস থ্রিজি ফোনপ্যাড পাওয়া যাচ্ছে। স্যামসাংয়ের স্মার্টফোন বা ট্যাবে দুই থেকে পাঁচ শতাংশ ছাড় রয়েছে। সঙ্গে উপহারও আছে। মাইসেল স্মার্টফোনের সঙ্গে দিচ্ছে ফ্লিপ কভার।
মেলায় দর্শকদের জন্য আছে মোবাইল গেম প্রতিযোগিতা। তিন দিনের এ মেলা শেষ হবে আগামীকাল রোববার। মেলা সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। প্রবেশ টিকিটের দাম ২০ টাকা।