
বারডেম হাসপাতালে একাধিক রোগী পাওয়ার পর ২০১১ সালে এই দুই চিকিৎসক গবেষণার উদ্যোগ নেন। এই গবেষণাকাজে উত্তর আমেরিকার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন আর্থিক সহায়তা দেয়। তাঁরা তথ্য-তালাশে দেখেছেন, থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া, লাওস, মিয়ানমার ও অস্ট্রেলিয়াতে এই রোগের প্রকোপ অনেক বেশি। এসব দেশে বিজ্ঞানীরা এই রোগের ব্যাকটেরিয়া ‘বারখোলডেরিয়া সুডোমেলাই’-এর সন্ধান পেয়েছেন মাটিতে, বিশেষ করে কৃষিজমিতে। প্রতিবেশী দেশ ভারতেও এই রোগের প্রাদুর্ভাব রয়েছে। তবে ভারতের কোনো অঞ্চলের মাটিতে এর জীবাণু এখনো পাওয়া যায়নি। কোনো লক্ষণ ছাড়াই এই রোগ মানুষের শরীরে কয়েক বছর সুপ্ত অবস্থায় থাকতে পারে। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে এই রোগের জীবাণু সক্রিয় হয়ে ওঠে। আশরাফুল হক বলেন, ‘এ কারণে ডায়াবেটিক রোগীদের মধ্যে এর প্রকোপ বেশি।’
এসব তথ্য সংগ্রহের পর আশরাফুল ও শরিফুল কিশোরগঞ্জের বাজিতপুর, গাজীপুরের কাপাসিয়া, নারায়ণগঞ্জের মেঘনাঘাট ও রাজধানীর রমনা পার্কের মাটির নমুনা পরীক্ষার উদ্যোগ নেন। এর মধ্যে কাপাসিয়ার মাটিতে ‘বারখোলডেরিয়া সুডোমেলাই’ ব্যাকটেরিয়ার অস্তিত্ব মেলে। এই দুই গবেষক বলছেন, সারা দেশের মাটি পরীক্ষা করলে এ বিষয়ে সঠিক চিত্র পাওয়া যাবে। মাটি পরীক্ষার আগে তাঁরা বৃহত্তর ময়মনসিংহের কয়েকটি জেলার এক হাজার ২০০ মানুষের রক্তের নমুনা পরীক্ষা করেছেন। তাতে দেখা গেছে, ১০ শতাংশ মানুষ এই জীবাণুর সংস্পর্শে এসেছে।
শরিফুল আলম জিলানী বলেন, রক্তের নমুনা পরীক্ষায় দেখা যাচ্ছে, এই রোগের জীবাণুর সংস্পর্শে আসা মানুষের সংখ্যা অনেক। তবে এর বেশির ভাগই মানুষের শরীরে সুপ্ত অবস্থায় আছে।
আইইডিসিআরের পরিচালক মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, এই গবেষণা রোগ সম্পর্কে করণীয় নির্ধারণে সহায়ক হবে। প্রয়োজনে বড় ধরনের গবেষণার উদ্যোগ নিতে হবে।