
সবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, তখন শুরু হলো বিশ্বকাপ ফুটবল ২০০৬ । মনে পড়ে, সেদিন হলে রুমে শুয়ে একটা ম্যাগাজিন পড়ছিলাম। এমন সময় হলের নেতা আরশাদ ভাই আমার রুমে ঢুকলেন। ধড়ফড় করে বিছানা ছেড়ে উঠে তাঁকে সালাম দিলাম।
তিনি হাসলেন। বললেন, ‘কী রে, খুব যে পড়ালেখা করছিস, বিশ্বকাপ খেলার তোড়জোড় চলছে জানিস না?’
‘জানি বড় ভাই।’
‘তুই কোন দলের সাপোর্টার?’
‘আর্জেন্টিনার।’
‘তাইলে ১০০ টাকা দে। আর্জেন্টিনা দলের ফান্ডে জমা হবে।’
আমি ১০০ টাকা বের করে দিয়ে ভয়ে ভয়ে বলি, ‘বাংলাদেশ থেকে আর্জেন্টিনা দলের জন্য কি ফান্ড কালেক্ট করা হচ্ছে, বড় ভাই?’
আরশাদ ভাই হেসে বললেন, ‘আরে গাধা, রাতে টিভি রুমে আসিস, বুঝতে পারবি।’
টিভি রুমে ঢুকে দেখি, রুমের বাঁ পাশে আর্জেন্টিনার জার্সি পরা একদল আর ডান পাশে ব্রাজিলের হলুদ জার্সি পরা আরেক দল।
আরশাদ ভাই আমাকে দেখে দাঁড়িয়ে বললেন, ‘আমাদের আর্জেন্টিনার নবাগত সাপোর্টার এইমাত্র আমাদের সঙ্গে যোগ দিলেন। তাঁর জন্য একটা করতালি।’
সবাই হাততালি দেওয়া শুরু করল। ব্রাজিলের সমর্থকেরা আমাকে দেখে বলতে লাগল, ‘মেসি আইছে রে, মেসি আইছে।’
আরশাদ ভাই আমার দিকে একটা আর্জেন্টিনার জার্সি ছুড়ে দিয়ে বললেন, ‘নে, পর।’
বিরতির সময় কয়েক কেজি মুড়ি ঢালা হলো। তাতে দেওয়া হলো পেঁয়াজ কুচি, মরিচ, সরিষার তেল আর কয়েক প্যাকেট চানাচুর। ব্রাজিলের সমর্থকেরা আর্জেন্টিনার মুড়ি খেয়ে হারের পর মিছিল বের করল।
বিশ্বকাপ শেষে আমি পড়লাম মহাবিপদে। আমাকে দেখলে সবাই বলে উঠত, ‘মেসি আইছেরে, মেসি আইছে...’
বিন্তিও আমাকে মেসি বলত। বলত, ‘তুমি মেসি তবে অকাজের মেসি গোল করতে পারো না।’
শূন্য গোলের পরিণতিতে টাইব্রেকারে আমি হেরে গেলাম। বিন্তিও চলে গেল।
বিন্তিকে আর্জেন্টিনার জার্সিটা আমি দিয়েছিলাম। জার্সি পরে সে সময় কয়েকটা ছবি তুলেছিল। এবারের বিশ্বকাপের আমেজে দেখলাম, বিন্তি ২০০৬ বিশ্বকাপের সেই জার্সি পরা ছবি ফেসবুকে আপলোড করেছে। হায়! সময় দেখি মানুষকে ক্ষমা করে না।
ভালো কথা, আগের বিশ্বকাপে নিষ্প্রভ থাকলেও মেসি এবার পর পর তিন ম্যাচে গোল করল। বিন্তি কি জানে, সেদিনের সেই ‘মেসি’ও অনেক বদলে গেছে!
রবিউল হক
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ