মেসি নাকি রোনালদো, সেরাকে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কদিন আগে স্প্যানিশ পত্রিকা মার্কার কাছে ক্রিস্টিয়ানো রোনালদো বলেছেন, গত আট বছরের মাঠের পারফরম্যান্সে তিনি ছাড়িয়ে গেছেন আর সবাইকে। এমনকি শ্রেষ্ঠত্বের দৌড়ে তিনি পেছনে ফেলেছেন লিওনেল মেসিকেও! (সূত্র: প্রথমআলো, ২ নভেম্বর ২০১৫) খবরটি প্রকাশ হওয়ার পর রস‍+আলো চতুর্থ মাত্রা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় দুই তারকাকেই। প্রশ্ন একটাই—কে সেরা? বাংলাদেশে যখন এসেছেন, তখন টক শোয় এ-দেশীয় কায়দায় তর্কে মাতলেন তাঁরা দুজনেই। এবার আপনিই বিচার করুন, অন্তত তর্কের মাঠে গোল করলেন কে!
উপস্থাপক: শুরু হচ্ছে আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান রস+আলো চতুর্থ মাত্রা। আমাদের আজকের অতিথি মাঠ কাঁপানো ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। শুরুতেই আমি স্বাগত জানাচ্ছি আপনাদের। আপনারা জানেন, আজকের বিষয়: মেসি নাকি রোনালদো, সেরা কে?
মেসি: ধন্যবাদ আপনাকে। কিন্তু একটা প্রশ্ন, এখানে কি কেবল চুলের স্টাইলের বিচারে কাউকে আমন্ত্রণ জানানো হয়েছে?
রোনালদো: আমার সামনের সিটে কি আদৌ কেউ আছে? আওয়াজ আসছে কোথা থেকে? কাউকে তো দেখছি না! যা হোক, সবাই নিশ্চয়ই জানেন, আমিই সেরা, আর বাকি সব ‘ছ্যাড়া’, মানে বালক!

মেসি: সেটা আপনার বালখিল্যতায় ভরপুর চুলের কাট দেখেই

বোঝা যাচ্ছে।

রোনালদো: কে সেরা আর কে ‘ছ্যাড়া’, তা সবাই জানে। কী যে উদ্ভট সব লোককে ডাকা হয় এসব টক শোয়! আমাকে আর ডাকবেন না এসব ফালতু অনুষ্ঠানে।

মেসি: এখানে কিন্তু ব্যক্তিগত আক্রমণ চলছে। এগুলো কিন্তু ভয়াবহ ফাউল! হোস্ট, হলুদ কার্ড দেখানো হোক।

রোনালদো: হলুদ কার্ড মানে বোঝো?

মেসি: বুঝব কী করে? আমি তো আর মারামারি করে হলুদ কার্ড, লাল কার্ড খাই না!

রোনালদো (উঠেদাঁড়িয়ে): লাল কার্ড কী করে খেতে হয়, দেখাচ্ছি তোমাকে, দাঁড়াও!

উপস্থাপক: ভদ্র মহোদয়, আপনারা উত্তেজিত হবেন না! কুল কুল! দর্শক, আমরা একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। এই যে ভাইয়েরা, প্লিজ, মাথা ঠান্ডা করেন! ভুলে যাবেন না, এটা একটা লাইভ অনুষ্ঠান...

বিরতিরপর

উপস্থাপক: বিরতির পর আমরা আবার ফিরে এলাম আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান রস+আলো চতুর্থ মাত্রা নিয়ে। আমরা আজ এমন দুজন অতিথিকে নিয়ে এসেছি, যাদের দ্বৈরথের দিকে তাকিয়ে থাকে...

রোনালদো: সরি, আমি কারও প্রতিদ্বন্দ্বী নই! আমিই এই গ্রহে...

মেসি: জি, আপনিই এই

গ্রহে ভেড়া।

রোনালদো: মানে কী এসবের!

উপস্থাপক: আপনারা থামুন, প্লিজ, থামুন! যা হোক আমরা এমন দুজন অতিথির সঙ্গে আছি, যাদের গতি ও মেধার কাছে হার মানে সবাই। তাদের একজন রোনালদো, যার এক মৌসুমে গোল সংখ্যা...

মেসি: তার গার্লফ্রেন্ড সংখ্যার

কথাও বলুন!

রোনালদো: এগুলো কোন ধরনের ফাজলামো? এমনিতে ঠিকমতো কথা বলতে পারে না, অথচ এখানে এসে এসব কী বলছে?

উপস্থাপক: প্লিজ ভাই, অনুষ্ঠান শেষে ঝগড়া করেন! যেটা বলছিলাম, আরেকজন হলেন মেসি, গতবার যিনি বেশ কটা ট্রফি জিতলেন। যাঁর সামনে বিশ্বের সব গোলকিপারের পা কাঁপে...

রোনালদো: তিনি কয়টা পেনাল্টি মিস করেছেন, সেটা বলুন!

মেসি: আর তিনি যে শিং মাছের মতো পেনাল্টি বক্সে লাফ দিয়ে পেনাল্টি আদায় করেন, সেটাও বলুন!

রোনালদো: গোলপোস্টের কয়েক গজ সামনে থেকে গোল দিতে পারে না, তার আবার বড় বড় কথা! হোস্ট সাহেব, তার নিজের হাইট বুঝে কথা বলতে বলেন।

মেসি: আমি যতটা ব্যালন ডি’অর পেয়েছি, তত পর্যন্ত গুনতে জানো তো? খালি স্টাইল করে দাঁড়ায়া ফ্রি কিক নিলেই সেরা হওয়া যায় না! ফ্রি কিকে একটা গোল তো দিতে পারলা না কোনো দিন।

রোনালদো: কী এক ব্যালন না বেলুন পায়, তাতে বড় বড় কথা!

মেসি: আরে বাবা, ওই বেলুনটা পেয়েই তো দেখাও, তারপর

কথা বলো!

রোনালদো: হোস্ট সাহেব, এবার কিন্তু সে মাত্রা অতিক্রম করে যাচ্ছে! আমি কিন্তু এবার অফসাইড মানব না, ডিরেক্ট গোল দিয়ে দেব! কোনো ফাউলটাউল মানব না!

উপস্থাপক: থামুন! থামুন, আপনারা! অনেক হয়েছে। আপনাদের দুজনকেই লাল কার্ড, অনুষ্ঠান এখানেই শেষ!

দর্শক, যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ সবাইকে।