ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.

সমস্যা
আমার ছোট বোন, নাম সোনিয়া, বয়স ২৩, বিয়ে হয়েছে টাঙ্গাইলে ছয় মাস হলো। ওরা দুজনই অধ্যয়নরত। সমস্যা হলো কেউ সোনিয়াকে কিছু বললে সেটা যদি ওর মনমতো না হয় তাহলে সে খুব চিন্তা করা শুরু করে দেয়। শেষে মাথা গরম করে খুবই উত্তেজিত হয়ে যায়, না হয় চুপচাপ থাকে।
যেমন ওর স্বামী যদি টিভি দেখে বলে মেয়েটা সুন্দর অথবা রাস্তায় বের হয়ে যদি কোনো মেয়ের দিকে তাকায় তাহলে ও ওর স্বামীর সঙ্গে রাগারাগি করে।
আমার বোন মাঝেমধ্যে একা একা চুপচাপ থাকে। মাঝেমধ্যে ওর আচরণ একদম স্বাভাবিক থাকে। বিয়ের আগে আমার বোনের এ রকম সমস্যা ছিল না, থাকলেও তেমন প্রকাশ পায়নি। আমার ধারণা, বিয়ের পর ওর টাইফয়েড হওয়ার পর থেকে এ সমস্যাগুলো দেখা দেয়।
এসব বিষয় নিয়ে আমরা পারিবারিকভাবে খুবই চিন্তিত। কী করলে সমাধান পাব?
মো. শাহরিয়ার হক
টাঙ্গাইল
পরামর্শ
আপনি লিখেছেন আপনার বোনের টাইফয়েডের পর সমস্যাগুলো প্রকাশ পেয়েছে। তবে আমার মনে হচ্ছে, ওর ব্যক্তিত্বের বিকাশে কিছু ত্রুটি আগে থেকেই ছিল। বিয়ের পর নতুন পরিবেশে নিজেকে খাপ খাইয়ে চলতে হয়েছে বলে মানসিক চাপ সৃষ্টি হওয়ার কারণেও বিষণ্নতা এবং দুশ্চিন্তায় আক্রান্ত হয়েছে।
বিষণ্নতা তৈরি হওয়ার পেছনে আমাদের নেতিবাচক চিন্তাগুলোই অবদান রাখে এবং আমরা এই চিন্তাগুলোর আবর্তে ক্রমাগত আবর্তিত হতে থাকি। একটির পর একটি নেতিবাচক চিন্তা করতে করতে একসময় ভেতরে প্রচণ্ড উত্তেজনার সৃষ্টি হয় এবং রাগের মাধ্যমে সেটির বহিঃপ্রকাশ ঘটে। আমার ধারণা, শৈশব থেকেই এই বোনটি হয় অতিরিক্ত প্রশ্রয় অথবা অবহেলা পেয়ে বড় হয়েছে। এই দুটোর কোনোটির আধিক্য ঘটলে আমাদের মধ্যে সহিষ্ণুতা কমে যায় এবং আমরা আশপাশের মানুষদের কাছে খুব বেশি মনোযোগ আশা করতে থাকি। বিশেষ করে সবচেয়ে প্রিয় ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে কোনো বিষয়ে প্রত্যাখ্যাত হলে তা মেনে নেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে।
এই সমস্যাগুলো নিয়ে মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণ না করলে ওর এই প্রবণতাগুলো ভবিষ্যতে আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বেশ কিছুদিন কাউন্সেলিং বা সাইকোথেরাপির সাহায্য নিলে আপনার বোন নিজের অযৌক্তিক চিন্তাগুলোকে অপসারণ করে ও যৌক্তিক চিন্তাগুলো করতে সক্ষম হবে। আমি গত দুই সংখ্যায় যে জায়গাগুলোর নাম উল্লেখ করেছি তার কোনো একটিতে ওকে নিয়ে যান। আশা করি, চিকিৎসা নিলে আপনার বোন ভবিষ্যতে একটি সুস্থ মা হিসেবেও সন্তানকে ভালোভাবে লালন-পালন করতে পারবে। চিঠির জন্য ধন্যবাদ।
সমস্যা
আমার বয়স ২৭ বছর। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। সেই সুবাদে আমার এক সহকর্মীর সঙ্গে আমার বন্ধুত্ব হয়। ধীরে ধীরে আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলি। এবং আমরা একাধিকবার শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ি। তার মা-বাবা আমাকে মেনে নিতে পারবে না বলে আমার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না বলে জানিয়েছে সে। তার সঙ্গে প্রতিদিন অফিসে দেখা হয়। তখন খুব বেশি কষ্ট লাগে। আমার এবং আমার পরিবারের জন্য চাকরিটা দরকার, তাই চাকরিটা ছাড়তেও পারছি না। আত্মহত্যা করার কোনো ইচ্ছা আমার নেই। খুব বিষণ্নতায় ভুগি। আমার কী করা উচিত?
নাম প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ
সম্পর্কটি এতটা গভীর হওয়ার আগেই তাঁর পরিবার সম্পর্কে সুস্পষ্ট ধারণাগুলো নেওয়া এবং পরস্পরের পরিবারের সদস্যদের সঙ্গে পরিচিত হওয়া প্রয়োজন ছিল। আমি বুঝতে পারছি না আপনারা এ ব্যাপারে কোনো উদ্যোগ নিয়েছিলেন কি না।
পরিপক্ব বয়সে আবেগের কাছে এতটা নতিস্বীকার করলে এর জন্য অনেক বেশি মূল্য দিতে হয়। ছেলেটির তো তাঁর মা-বাবার মন বুঝতে অসুবিধা হওয়ার কথা ছিল না। তাঁর উচিত ছিল বিষয়টি নিয়ে তাঁদের সঙ্গে অনেক আগেই সরাসরি আলোচনা করে নেওয়া। এ ব্যাপারে তিনি যদি যথেষ্ট উদ্যোগ না নিয়ে থাকেন তাহলে বুঝতে হবে তিনি আপনার সঙ্গে প্রতারণা করেছেন। আর একটি ব্যাপার হচ্ছে, আপনাদের দুজনের মধ্যে মানসিক বা আবেগময় বন্ধনটি হয়তো এতটা দৃঢ় ছিল না। এর ফলে ছেলেটি তাঁর প্রতিবন্ধকতাগুলো অতিক্রম করে আপনাকে তার স্ত্রীর মর্যাদা দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট আন্তরিক হননি।
অফিসে তাঁর সঙ্গে রোজ দেখা হওয়াটা সত্যিই খুব পীড়াদায়ক। যেহেতু আপনার চাকরিটি করা প্রয়োজন, কাজেই এই মুহূর্তে সেটি ছেড়ে দেওয়া তো সম্ভব নয়। আপনি অন্যান্য জায়গাতেও কী সুযোগ রয়েছে তা খুঁজতে শুরু করুন। ছেলেটির প্রতি আপনার যদি রাগ বা ক্ষোভ কাজ করে, তাহলে তাঁকে বড় করে চিঠি লিখে সেটি প্রকাশ করুন। এতে করে মনের ভার কিছুটা হলেও লাঘব হবে। এ ঘটনার কারণে আপনি ছোট হয়ে গেছেন, এই কথা ভেবে নিজেকে অসম্মান করবেন না বা আপনার মধ্যে কোনো কিছুর ঘাটতি আছে বলে এটি ঘটেছে, তা ভেবে নিজেকে কষ্ট দেবেন না। তবে এই বিশেষ ঘটনা থেকে আপনি যে শিক্ষা গ্রহণ করলেন, তা ভবিষ্যতে কাজে লাগালে আর এ ধরনের পরিস্থিতিতে পড়বেন না আশা করি।