ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.

সমস্যা
ছাত্র হিসেবে আমি খারাপ নই। ইচ্ছা ছিল, লেখাপড়া করে ভালো মানুষ হব, একটা সুন্দর জীবন হবে। কিন্তু সমস্যা আমার বাবাকে নিয়ে। নেশা করে এখন তিনি প্রায় নিঃস্ব। বাবার রাগ ও বদমেজাজের কারণে তাঁকে খুব ভয় পাই। একরকম এড়িয়েই চলি। বাবা জানিয়ে দিয়েছেন, আমার পড়ালেখার ব্যাপারে কোনো সাহায্য করবেন না, এমনকি পরিবার থেকেও আমাকে বিচ্ছিন্ন করেছেন। এখন আমি একটা দোকানে আছি। এখানেই পড়ালেখা করি। ২০০৮ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলাম, আর্থিক অনটনসহ নানা কারণে সেবার পরীক্ষা দিতে পারিনি। পিছিয়ে পড়েছি। এ বছর এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি।
কিন্তু এত কাজ আর মানসিক চাপ... মনে হয় আর পারছি না। খুব অসহায় আর একা লাগে। রাতে ঘুম হয় না, অল্পতেই রেগে যাই। খুব বেশি দুশ্চিন্তা করলে মাথা ব্যথা করে। খুব কান্না পায়। আমি একবার আত্মহত্যার চেষ্টাও করেছিলাম। আপনি বিভিন্ন সময় আপনার লেখায় মানসিক স্বাস্থ্যসেবা দেয়, এমন প্রতিষ্ঠানের কথা উল্লেখ করেছেন। রাজশাহীতে কি এমন কোনো প্রতিষ্ঠান আছে?
মো. শাকিল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ।
পরামর্শ
তোমার চিঠি পড়তে গিয়ে একটা কথা মাথায় এল। সন্তানকে এতখানি কষ্টে রাখার অধিকার কি বাবা-মার আছে? বাবা কেন তোমাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করলেন, সেটা বুঝতে পারিনি। এত কিছুর পরও তুমি কাজ করছ, আবার পড়ালেখা শুরু করেছ—জেনেই তোমার প্রতি একধরনের শ্রদ্ধাবোধ তৈরি হলো। এইচএসসি পরীক্ষায় পড়ার চাপ থাকে অনেক বেশি। একই সঙ্গে কাজের চাপ, আবার পরিবার থেকে পাওয়া কষ্টের অনুভূতি নিয়ে তোমার অসহায় বোধ করাটা খুব স্বাভাবিক। এসব কারণেই ঘুম কম হচ্ছে। একটা বিষণ্নতার অনুভূতি সারাক্ষণ ঘিরে রাখলে মানুষের রাগ বেড়ে যায়। এ ছাড়া শৈশব থেকে বাবার রাগ দেখেছ, তাই এটা তোমার স্বভাবের একটা অনুষঙ্গ হয়ে গেছে। যেহেতু আত্মহত্যার প্রবণতা হচ্ছে, তোমার দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। রাজশাহী মেডিকেল কলেজের হাসপাতালে গিয়ে কোনো মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারো। এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অফিসে গিয়ে দেখতে পারো, সেখানে কোনো ক্লিনিকাল সাইকোলজিস্ট আছেন কি না। প্রতিদিন সকালে ও রাতে শোয়ার আগে বেশ কিছুক্ষণ বড় করে শ্বাস নেবে, তারপর আস্তে আস্তে শ্বাস ছাড়বে। ভালো ঘুমের জন্য নিয়মিত শরীরচর্চা করতে পারো। আশা করছি, তোমার মেধা আর শ্রম দিয়ে মাথা উঁচু করে চলার মতো শক্তি খুঁজে পাবে, স্বপ্নগুলোও পূরণ হবে। চিঠির জন্য ধন্যবাদ।
সমস্যা
আপা, আমি উচ্চমাধ্যমিক প্রথম বর্ষে পড়ছি। গত বছর এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছি। আমি নিয়মিত আপনার লেখা পড়ি। ভীষণ ভালো লাগে। বিভিন্ন সমস্যার যে সুন্দর সমাধান আপনি দেন, আমি তা থেকে শেখার চেষ্টা করি। আমিও আপনার মতো একজন বড় মনোবিজ্ঞানী হতে চাই। মানসিক সমস্যায় জর্জরিত মানুষকে সহায়তা করতে চাই। আমি যদি মনোবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করতে চাই, সে ক্ষেত্রে কী করতে হবে, জানাবেন কী?
মালিহা, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
পরামর্শ
মালিহা, তোমার কাছ থেকে পাওয়া এই স্বীকৃতিটুকু আমার চলার পথে পাথেয় হয়ে থাকবে। তবে আমি যে বড় মাপের মনোবিজ্ঞানী নই, তা খুব ভালো করেই বুঝতে পারি। মনোবিজ্ঞান বিষয়ে পারদর্শিতা অর্জন করতে হলে প্রচুর পড়াশোনা করতে হয়। কাউন্সেলিং ও সাইকোথেরাপির ওপর আমি এখনো প্রশিক্ষণ গ্রহণ করছি দক্ষিণ ভারতের একজন দক্ষ সাইকোথেরাপিস্টের কাছে। তার পরও মনে হয় এখনো অনেক কিছু জানার ও বোঝার বাকি রয়ে গেছে। মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে লেখাপড়া করার পর শুধু তাত্ত্বিক জ্ঞানটুকু অর্জন হয়। অনুশীলনের মাধ্যমে শেখার জন্য শিক্ষার্থীদের বিভিন্ন সংস্থা ও হাসপাতালে যেতে হয়। সেখানে মানসিক সমস্যা বা রোগগ্রস্ত মানুষকে সহায়তা করে প্রশিক্ষণ নিতে হয়। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের কোনো সিনিয়র কাউন্সেলরের তত্ত্বাবধানে থেকে কাজ করতে হয়। মনোবিজ্ঞানে স্নাতক অথবা স্নাতকোত্তর শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিকাল সাইকোলজি এবং সদ্য প্রতিষ্ঠিত এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগে মাস্টার্স করতে পারো।
এত ছোট বয়সেই তুমি মানসিক সমস্যায় থাকা অসহায় মানুষগুলোকে সেবা দেওয়ার কথা ভাবছ জেনে খুব ভালো লাগল। আশা করছি, এইচএসসিতে মনোবিজ্ঞান বিষয়টি পড়ছ। শুধু অসুস্থ মানুষই নয়, যারা এখনো অসুস্থ হয়নি, কিন্তু অনেক মানসিক চাপের ভেতরে রয়েছে তাদেরও মানসিক সেবা প্রয়োজন। সত্যিকার অর্থে আমাদের প্রত্যেকেরই জীবনের কোনো না কোনো সময়ে মানসিক স্বাস্থ্যসেবা নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। যারা সেবা গ্রহণ করে তাদের ব্যাপারে সমাজের নেতিবাচক মনোভাব পরিবর্তনের জন্য তোমাদের মতো নিবেদিত ও উৎসাহী সেবাদানকারীদের খুব প্রয়োজন। আশা করছি, আরও অনেকেই তোমার মতো মনোভাব নিয়ে এই কঠিন কাজে আগ্রহী হবে। শুভ কামনা রইল।