মেহনাজের স্বপ্নসাধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহনাজ তাবাসসুম খান পড়ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ে
মেহনাজ তাবাসসুম খান পড়ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ে

মেহনাজ চান দেশেই তৈরি হোক বিশ্বমানের এনিমেশন ছবি। হলিউডের বিখ্যাত অ্যানিমেশন চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য হলো ফাইন্ডিং টয় স্টোরি (১৯৯৫), ফাইন্ডিং নিমো (২০০৩), ওয়াল-ই (২০০৬)। এই চলচ্চিত্রগুলোর চরিত্রগুলোর ভাষা ইংরেজিকে নিজের জাদুবলে বদলে দিতে চান মেহনাজ। টয় স্টোরির কাউবয় পুতুল উডি, দুষ্টু মাছশাবক নিমো কিংবা রোবট ওয়াল-ইকে বাংলা ভাষায় কথা বলা শেখাতে চান তিনি। খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেহনাজ তাবাসসুম খান। নিজস্ব আঙিনায় অবশ্য তৃষা নামেই তাঁর পরিচয়। স্বপ্ন দেখেন স্টিভ জবসের মতো সৃজনশীল কেউ হতে। প্রতিষ্ঠা করতে চান জবসের পিক্সার অ্যানিমেশনের মতো স্টুডিও, যেখান থেকে বাংলা ভাষায় তৈরি করবেন অ্যানিমেশন চলচ্চিত্র। শুধুই কি তাই? সুকুমার রায়ের ছড়া নাকি ভীষণ পছন্দ মেহনাজের। তাই তো তাঁর অনেক স্বপ্নের একটি ‘সুকুমার রায়ের ছড়ার সব চরিত্রকে অ্যানিমেশনের মাধ্যমে জীবন দিতে চাই।’ সুকুমার রায়ের সৃষ্টি হাসজারু, বকচ্ছপ, হাতিমির মতো প্রাণীগুলোকে জীবন্ত করার প্রত্যয় আছে মেহনাজের। পড়াশোনার পাশাপাশি শখের বশে গড়ে তুলেছেন অনলাইন অ্যানিমেশন স্টুডিও ফোটন ফ্যাক্টরি। স্টুডিও সম্পর্কে মেহনাজ বলেন, ‘একদিন এই স্টুডিওর মাধ্যমে জবসের পিক্সারের চেয়েও বড় ঢাউস আকারের অ্যানিমেশন ছবি তৈরির কারখানা গড়তে চাই আমি। জবসকে সবাই চেনে প্রযুক্তিগুরু হিসেবে। কিন্তু আমি জবসের মতো সৃজনশীল হতে চাই।’ 
স্থাপত্যে পড়েন বলেই স্থাপনার ছবি তোলেন বেশি। ছবি তোলা আর ভায়োলিন বাজানো এখন তাঁর ধ্যানজ্ঞান। ট্যাবলেট পিসি, ক্যামেরা আর ভায়োলিনেই মজে থাকেন সারা দিন।
স্কুলশিক্ষক মা কামরুননেসা আর বেসরকারি ওষুধ কোম্পানির কর্মকর্তা বাবা খান বাবলুর বড় মেয়ে মেহনাজ। গ্রামের বাড়ি নড়াইল জেলায়। ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত টানা তিন বছর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত রচনা প্রতিযোগিতায় শীর্ষ দশের মধ্যে স্থান করে নেন মেহনাজ। ২০০৫ ও ২০০৭ সালের বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াডে বিভাগীয় পর্যায় থেকে জয়ী হয়ে মেহনাজ জাতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ পান।
মেহনাজ দাবার ঘুঁটি চালতেও বেশ পারদর্শী। কলেজে পড়ার সময় বেশ কবার দাবা প্রতিযোগিতায় পদক জয় করেন তিনি। এ বছর মার্চে খুলনা বিশ্ববিদ্যালয় ও নর্দান বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তবিশ্ববিদ্যালয় ছবি প্রতিযোগিতায় সেরা ছবির মর্যাদা পায় মেহনাজের তোলা একটি ছবি। এ ছাড়া প্রতিযোগিতার সেরা ফটোগ্রাফার নির্বাচিত হন তিনি।
আমাদের উত্তর গোলার্ধের আকাশে যত তারার খালি চোখে দেখা মেলে, সবগুলোর নাম জানেন মেহনাজ। ‘আকাশ দেখতে ভীষণ মজা বলে’ দ্রুতগতিতে উচ্চারণ করে যান কয়েক শ তারার নাম, ‘রোহিনী, আরদ্রা, বাসুকী, শ্রবণা, ক্রুতু, পুলহ...।’ সবশেষে নিজের সবচেয়ে বড় স্বপ্নের কথা বলেন মেহনাজ—‘সাধারণ মানুষের জন্য সস্তায় বাড়ি তৈরির কোনো উপকরণ বের করতে চাই। পাটের মতো এমন কোনো সস্তা উপাদান, যার দাম কম কিন্তু টেকসই; যাতে মানুষ ভরসা করতে পারে।’