মেহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অাঁকা: রাজীব
অাঁকা: রাজীব

বাড়িতে মেহমান আসুক, তা আমি কখনোই চাই না। কারণ, মেহমানরা আসেন তাঁদের ইচ্ছামতো। সকাল, দুপুর, বিকেল কিংবা রাতে। একজন কিংবা একাধিক। এসেই কিছুক্ষণ পর যদি তাঁরা চলে যেতেন, তাহলে নিশ্চয়ই বিরক্ত হতাম না আমি। কিন্তু মেহমানরা এসেই চলে যান না। তাঁরা সোফায় গা এলিয়ে বসে বসে পা নাচান। টিভির রিমোট হাতে নিয়ে একের পর এক চ্যানেল বদলান। তারপর বেশ ভাব নিয়ে শুরু করেন ক্যারিয়ারভিত্তিক আলোচনা।
: তো কী করছ এখন?
: এই তো, টিভি দেখছি।
এক মুহূর্তের জন্য থমকে যায় মেহমানের চ্যানেল বদলানো। তারপর আবার শুরু হয় জেরা।
: না, মানে পড়াশোনার কথা বলছি। কী পড়ছ?
: জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ছি।
: গুড। ভেরি গুড। তা কোন সাবজেক্ট?
: বাংলা।
: বাহ্। খুব ভালো। রেজাল্ট কেমন? ফার্স্টক্লাস আসবে তো অ্যাঁ? হা হা হা। পড়াশোনা শেষে কী করবে, ঠিক করেছ কিছু?
: জি না।
: বলো কী! ক্যারিয়ার কী হবে তা এইচএসসির পরই ঠিক করে ফেলা উচিত। গোল থাকতে হবে বুঝলে। তোমার লক্ষ্য যদি হয় ১০০, তাহলে তুমি হয়তো ৯০-এ পৌঁছাতে পারবে…

এ পর্যায়ে আমি অধৈর্য হয়ে টিভির দিকে তাকিয়ে থাকি। আমি আগেও খেয়াল করে দেখেছি, মেহমানরা সব সময় পড়ালেখার বিষয় নিয়ে আলোচনা করতে পছন্দ করেন। কেন, তা কে জানে! ছোটবেলায়ও আমাকে জিজ্ঞেস করা উল্লেখযোগ্য প্রশ্নগুলো ছিল, ‘তুমি কোন ক্লাসে পড়ো?’, ‘তোমার রোল কত?’, ‘প্রথম সাময়িকী পরীক্ষার রেজাল্ট কেমন?’, ‘অঙ্কে কত পেয়েছ?’ ইত্যাদি। অতি উৎসাহী কিছু মেহমান ট্রান্সলেশন কিংবা বিজ্ঞানের সূত্র পর্যন্ত জিজ্ঞেস করতেন। তখন থেকেই আমার বিশ্বাস, যেসব মেহমান বেড়াতে এসে কুশল বিনিময়ের পরই সরাসরি পড়ালেখার প্রসঙ্গ টেনে আনেন, তাঁরা মেহমান নন, শত্রু। আর যাঁরা কুশল বিনিময়ের ধারও ধারেন না, ‘কেমন আছো?’ বলার চেয়ে যাঁরা সরাসরি ‘সিজিপিএ কত?’-টাইপ প্রশ্ন করেন, তাঁরা শত্রুর চেয়েও ভয়ংকর।
কিছুক্ষণের মধ্যে টেবিলে নানা রকম খাবার চলে আসে, যেগুলো আপনি আরাম করে খাবেন বলে কিনে এনেছিলেন। প্রথমে মেহমানরা এমন একটা ভাব দেখাবেন যেন খাওয়ার ব্যাপারে তাঁদের কোনো আগ্রহই নেই (অথচ তাঁদের কথামতো যদি কোনো খাবার দেওয়া না হয়, ঠিকই অন্য এক বাসায় গিয়ে বলবেন, ‘অমুকের বাসায় গেলাম, এক কাপ চা-ও দিল না!’)। হাত-মাথা নেড়ে তাঁরা বলবেন, ‘আরে এসব আবার কেন করতে গেলেন, কী দরকার ছিল! আমরা মাত্রই খেয়ে আসলাম…কী বিপদ!’ একটু পরই তাঁরা চানাচুর থেকে বাদাম বেছে বেছে খেতে শুরু করবেন। ধীরে ধীরে কমতে থাকবে সমুচা, নাগেটস আর বিস্কুটের সংখ্যা। পায়েসের বাটিও খালি হয়ে যাবে আপনার চোখের সামনেই। আপনি দীর্ঘশ্বাস ফেলবেন। কারণ, এই বিস্কুট, চানাচুর, পায়েস, ফল, কেকের বদলে মেহমান আপনাকে দেবেন অর্থহীন কিছু বয়ান, যা আপনার কোনো কাজে আসবে না। যেসব মেহমান একটু পয়সাওয়ালা, তাঁরা দেবেন মোড়ের দোকান থেকে কিনে আনা এক কেজি মিষ্টি, যার ভেতরে আটার দলা ঘাপটি মেরে বসে আছে। ফলে সে মিষ্টি আপনি অন্য মেহমানদেরও খাওয়াতে পারবেন না।
একপর্যায়ে মেহমান আপনারই ব্যক্তিগত বাথরুম ব্যবহার করবেন। তারপর আবার ফিরে যাবেন ড্রয়িংরুমে, যেটা এখন আর ড্রয়িংরুম নেই। এর কারণও মেহমানরাই। তাঁরা খেতে গিয়ে হাসতে হাসতে বিস্কুটের অংশ ফেলবেন মেঝেতে। পুরো ঘরে তখন বাতাসে গড়াগড়ি খাবে চানাচুর, বাদাম। টিস্যু থাকা সত্ত্বেও হাত মুছবেন টেবিলের সুন্দর কভারের কোনায়। এরই মধ্যে সোফায় পায়েস ফেলে বিব্রত হবেন একজন। মোছার জন্য টিস্যু নিতে গিয়ে হাতের ধাক্কায় ফেলে দেবেন পানিভর্তি কাচের গ্লাস। আপনি তখনো হাসিমুখে বলবেন, ‘কোনো সমস্যা নেই। আমি দেখছি।’
দেখতে আপনাকে হবেই। আপনার চোখের সামনে যখন সেটের গ্লাস ভেঙে যাবে, তখন বসে বসে দেখা ছাড়া আর কী করার আছে? আপনি চাইছেন মেহমান চলে যাক, কিন্তু মেহমান তা চাইছেন না। তখনো অনেক কিছু বলা বাকি। তাঁর কাজের খুব চাপ, বাড়িতে প্রতিদিন মেহমান আসছে, ফলে কোথাও যাওয়ার সময় নেই, ওদিকে বিশ্বস্ত ড্রাইভারও পাচ্ছেন না। একটা বুয়া পেয়েছেন, যার বাড়ি জামালপুর, একটা ছেলে আছে, যে স্কুলে যায়। সেই বুয়াও ঠিকমতো আসে না, তিন দিনে একটা সাবান শেষ করে ফেলে, চিন্তা করা যায়?
তখন আপনাকে চিন্তা করতে হয়। হঠাৎ মাথায় আসে যে আপনার বাসায় বুয়া নেই। এই মেঝের চানাচুর, ভাঙা কাচ, সোফার কভার, টেবিল, প্লেট, বাটি—এসব আপনাকেই ধুতে হবে। তবুও আপনি হাসিমুখে বসে মেহমানের কথা শুনবেন। এ সময় ময়লাওয়ালা টাকা নিতে আসবে, ভাড়া নিতে আসবেন বাড়িওয়ালা, এলাকার সিকিউরিটি চাইবে মাসিক ভাতা। নিয়ে যে যার মতো চলে যাবে, কিন্তু মেহমান যাবেন না। তিনি তখন সোফায় পা উঠিয়ে বসে দাঁত খোঁচাচ্ছেন। আপনার সোফা, যার কভারটা দুই দিন আগেই ধুয়েছেন, যেখানে আপনি নিজেও পা উঠিয়ে বসার আগে নিশ্চিত হয়ে নেন পায়ে ময়লা আছে কি না, সেই সোফায় পা উঠিয়ে বসে আছেন আরেকজন! কিছু করার নেই, পা ওঠানো অভদ্রতা না-ও হতে পারে, কিন্তু পা নামাতে বলা এই সমাজে অবশ্যই অভদ্রতা হিসেবে খ্যাত। তাই এই বলে নিজেকে সান্ত্বনা দেবেন যে পায়েস পড়েছে, ওটা এমনিতেও ধুতে হতো।
ভাবতে ভাবতে আপনার দীর্ঘশ্বাসের স্টক শেষ হয়ে যাবে, মেহমান তবুও যাবেন না। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে মেহমানের মনে পড়ে কী যেন জরুরি কাজ করা হয়নি। আরেকবার আপনার বাথরুম ব্যবহার করে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যান মেহমান। যাওয়ার আগে হাসিমুখে বলেন, ‘কষ্ট দিলাম।’
এই কথাটাই দীর্ঘ সময়ে বলা অসংখ্য কথার মধ্যে সবচেয়ে প্রাসঙ্গিক এবং অর্থপূর্ণ। কারণ, এখন আপনাকে এই গরমের মধ্যে পুরো ঘর পরিষ্কার করতে হবে। এই যখন পরিস্থিতি, তখন বাথরুমে গিয়ে দেখলেন, ওটার অবস্থাও সুবিধার নয়। ফলে ঘর আর বাথরুম পরিষ্কার করেই কাটবে আপনার ছুটির দিন। তখন আমার মতো আপনিও চাইবেন না বাড়িতে আর মেহমান আসুক। কিন্তু মেহমান অনেকটা গরমকালের মতো। আপনি না চাইলেও গরমকাল আসবে। মেহমানও।