মোদির উত্থান ও আঞ্চলিক দলের ভাগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এমন ঘটনা ঠিক ৩০ বছর আগে ঘটেছিল, ১৯৮৪ সালে৷ ইন্দিরা গান্ধী নিহত হওয়ার পর সাধারণ নির্বাচনে কংগ্রেস একাই ৪১৪ আসনে জয়ী হয়েছিল৷ প্রধানমন্ত্রী হয়েছিলেন রাজীব গান্ধী৷ বিজেপি পেয়েছিল মাত্র দুটি আসন৷ পাঁচ বছরের মধ্যেই পাশার দান উল্টে কংগ্রেস পপাত ধরণিতলে! এমন উলটপুরাণ কেউ সেদিন কল্পনাও করেনি৷
৩০ বছর পর সেই কংগ্রেসকে দুরমুশ করে বিজেপি একাই ২৮২ আসন জিতে জোটের সমর্থনকে ৩৩৬-এ নিয়ে গেল৷ বিজেপি নয়, বলা ভালো নরেন্দ্র মোদি৷ কালকের ফকির আজকের রাজা৷ কিংবা তার উল্টোটা৷ গণতন্ত্রের এ এক নির্মম পরিহাস৷
পরিহাস শুধু নির্মম নয়, নির্দয় ও নিষ্ঠুরও৷ আগ্রাসী মোদি শুধু কংগ্রেসকেই নয়, গ্রাস করেছেন আর্যাবর্তের আঞ্চলিক রথী-মহারথীদেরও৷ যেমন মায়াবতী৷ বড় সাধ ছিল তাঁর দেশের প্রধানমন্ত্রী হওয়ার৷ হায়, উত্তর প্রদেশে একটা আসনও তাঁর জুটল না৷ কিংবা মুলায়ম সিং যাদব৷ একদা কুস্তিগির এই সমাজবাদী নেতা এমন কোনো প্যাঁচের প্রয়োগ বাকি রাখেননি, যা তাঁর প্রধানমন্ত্রিত্বের স্বপ্ন সত্যি করতে পারে৷ অথচ রাজ্যে সরকারে থেকেও মাত্র পাঁচটি আসন তাঁর জুটল৷ অথবা অজিত সিং৷ উত্তরাধিকার সূত্রে জাঠভূমির অধীশ্বর হওয়া এই নেতা ঝাড়ে-বংশে (ছেলে জয়ন্তও হেরেছেন হেমা মালিনীর কাছে, মথুরায়) উৎখাত হলেন৷ বিহারে নিতীশের সংযুক্ত জনতা দল, লালু প্রসাদের আরজেডি, ঝাড়খন্ডের ঝাড়খন্ড মুক্তি মোর্চা, মহারাষ্ট্রে শারদ পাওয়ারের এনসিপি, গো-বলয়ে মোদি কাউকেই রেয়াত করলেন না৷ বংশে বাতি জ্বালানোর মতো কেউ কেউ টিমটিম করে জ্বলছেন, কারও জমিদারি (বামপন্থী দলগুলো) নামেই তালপুকুর, অথচ ঘটি ডোবে না৷ কেউ আবার তলিয়ে গেল অতলে৷
সমুদ্রে বিচ্ছিন্ন দ্বীপের মতো শুধু জেগে রইলেন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, ওডিশায় নবীন পট্টনায়েক, তেলেঙ্গানায় চন্দ্রশেখর রাও ও তামিলনাড়ুতে জয়ললিতা৷ কংগ্রেসের কবরের ওপর দিয়ে হেঁটে তাঁরা প্রত্যেকেই কালনেমির লঙ্কাভাগের শরিক হওয়ার স্বপ্ন দেখেছিলেন৷ কিন্তু নরেন্দ্র মোদি নেপো সেজে পুরো দইটা চেটেপুটে সাফ করে দিলেন৷
৩০টা বছর ধরে তারাই, এই আঞ্চলিক দলগুলোই ভারতের কেন্দ্রীয় সরকারকে নিরন্তর ওঠবস করিয়েছে কখনো সরকারের ভেতরে থেকে, কখনো বাইরে বসে৷ তাদের দাপটেই হা-হুতাশ করতে হয়েছে নরসিংহ রাও, অটল বিহা​রি বাজপে​িয়, মনমোহন সিংকে৷ নরেন্দ্র মোদি এই ঝুটঝামেলা টোকা দিয়ে পোকা সরানোর মতো ঝেড়ে ফেলে এখন পায়ের ওপর পা তুলে রাজ্যপাট সামলাবেন৷ তিনি যন্ত্র, তিনিই যন্ত্রী৷ তিনিই তাঁর নিয়ন্ত্রক৷ দণ্ডমুণ্ডের কর্তা৷

এর অর্থ কি বহু বছর আগের মতো কেন্দ্রে একদলীয় শাসনের দিকে দেশ আবার এগোতে চলেছে? আঞ্চলিক দলগুলো কুয়াশার মতো ক্রমেই মিলিয়ে যাবে? নাকি এটাও রাজনীতির আর একটা পর্যায়, আর একটা অধ্যায়৷ পানাপুকুরে ঢিল ফেলার মতো৷ পানা সরে গিয়ে টলটলে জল দেখা দেবে সাময়িকভাবে৷ তারপর ফের যে কে সেই?

ভারতের রাজনৈতিক ইতিহাসে কংগ্রেস চিরকালই একটা প্ল্যাটফর্ম হিসেবে গণ্য হয়েছে, যেখানে জাত-ধর্ম-বর্ণনির্বিশেষে মানুষ জড়ো হয়েছিল স্বাধীনতা লাভের একমাত্র বাসনায়৷ ইন্দিরা গান্ধীর শাসনের প্রাথমিক পর্যায় পর্যন্ত সেই কংগ্রেসকে কারও মুখের দিকে তাকিয়ে থাকতে হয়নি সরকার গঠনের জন্য৷ অতঃপর কংগ্রেসে ভাঙন, দলে ইন্দিরার একচ্ছত্র অধিকার লাভ, ক্রমে ক্রমে পারিবারিক উত্তরাধিকার কায়েমের অদম্য আকাঙ্ক্ষা ইন্দিরার দৃষ্টিকে সংকুচিত করে ফেলে৷ পরিবারকে প্রাধান্য দিতে এবং পরিবারের ক্ষমতাকে প্রশ্নাতীত করে তুলতে ইন্দিরা যেভাবে দল পরিচালনা শুরু করলেন, তাতে পরিবার প্রাধান্য পেল ঠিকই কিন্তু দল দুর্বল হতে লাগল দিনকে দিন৷ অতঃপর আমরা দেখেছি, প্রদেশের নেতারা যত স্তাবকে পরিণত হয়েছেন, ততই মাথাচাড়া দিয়েছেন ঋজু আঞ্চলিক নেতারা৷ গঠন করেছেন আঞ্চলিক দল৷ ইন্দিরার ব্যক্তিত্বে তাঁদের বিকাশের পথ সংকুচিত ছিল ঠিকই, কিন্তু তাঁর অবর্তমানে তাঁরাই হয়ে উঠলেন একেকজন আঞ্চলিক মহিরুহ৷ যে উত্তর প্রদেশ ছিল কংগ্রেসের খাসতালুক, সেখানে একই সঙ্গে বিকশিত হলেন মুলায়ম সিং যাদব ও মায়াবতী৷ মহারাষ্ট্রে কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী হলেন শারদ পাওয়ার৷ তামিলনাড়ু বিভাজিত হলো দুই দ্রাবিড় দলে৷ অন্ধ্র প্রদেশের দখল নিলেন এন টি রাম রাও৷ এও এক অদ্ভুত কাণ্ড৷ কংগ্রেসের জনপ্রিয় ও দক্ষ মুখ্যমন্ত্রী কে আনজাইয়া বিমানবন্দরে প্রকাশ্যে অপমানিত হলেন৷ তেলুগু আত্মসম্মানে সেটা ছিল এক বিশাল ধাক্কা৷ আনজাইয়ার অপমানের শোধ তুললেন রাম রাও৷ কংগ্রেসকে সমূলে বিদায় করলেন রাজ্য থেকে৷

কংগ্রেস তার সর্বভারতীয় চরিত্র যত হারাতে থাকল, তত মাথাচাড়া দিল জাতভিত্তিক আঞ্চলিক দল৷ বিহারে যাদবেরা বেছে নিলেন লালু প্রসাদকে, কুর্মিরা নিতীশ কুমারকে, দলিতেরা রামবিলাস পাসোয়ানকে৷ উত্তর প্রদেশে দলিতেরা মায়াবতীকে, যাদব ও মুসলমানরা মুলায়মকে৷ কর্ণাটকে দুই প্রধান জাত ভোক্কালিগা ও লিঙ্গায়েত নিজেদের নেতা ঠিক করে নিল৷ তামিলনাড়ু ভাগাভাগি হলো এমজি রামচন্দ্রণ ও করুণানিধির মধ্যে৷ অন্ধ্র প্রদেশের রাও ও রেড্ডিরা বেছে নিলেন তাঁদের আশ্রয়৷ ক্ষমতা দখলের লড়াইয়ে ওডিশায় দুর্বল হয়ে গেল কংগ্রেস৷ আমেরিকা থেকে ফিরে অরাজনৈতিক নবীন পট্টনায়ক তাঁর বাবার উত্তরাধিকার দখলেই শুধু নিলেন না, সুশাসনের মাধ্যমে নিজেকেও স্থাপন করলেন এক অনন্য উচ্চতায়৷ সর্বক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত কংগ্রেস৷ ১৯৮৪ সালে দুই-তৃতীয়াংশের সমর্থন বিপুল সমর্থন সত্ত্বেও পাঁচ বছরেই তাদের ক্ষমতা থেকে উৎপাটিত করে দিল কংগ্রেসের বিরোধীরা৷ সেই থেকে জোটবদ্ধতাই হয়ে যায় কেন্দ্র শাসনের ধর্ম৷

নরেন্দ্র মোদি সেই ধারাবাহিকতায় ছেদ টেনেছেন৷ ৩০ বছর আগের জনসমর্থন ছিল আবেগের, ৩০ বছর পর সংকল্প ও অঙ্গীকারের৷ মোদির নামে জাতপাতের আগল ভেঙেছে এটা যেমন সত্য, তেমনই এটাও সত্য যে ‘দরিদ্র ও অনগ্রসর’ মোদির ক্যারিশমায় আকর্ষিত হয়েছেন দলিত, তফসিল জাতি ও অনগ্রসেরা৷ তাঁরা তাঁদের চিরায়ত আনুগত্য ত্যাগ করে জড় হয়েছেন মোদি নামক ছাতার তলায়৷ বিজেপি এত দিন ধরে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বেনিয়া ও কায়স্থদের দল বলে পরিচিত ছিল৷ ব্র্যান্ড মোদি তাতে দলিত ও অনগ্রসরদের টেনেছেন যেমন, তেমনই ‘ইয়ং ইন্ডিয়ানদের’, সোনালি ভবিষ্যতের স্বপ্ন ফেরি করে৷

রাজনীতিতে পাঁচটা বছর অনেক সময়৷ মোদি যে আশা জাগিয়ে দিল্লি দখল করেছেন, তা তাঁকেই পূরণ করতে হবে৷ মনমোহন সিংয়ের মতো জোট রাজনীতির দোহাই তিনি দিতে পারবেন না৷ পাঁচ বছর পর কোনো অজুহাতই তাঁর খাটবে না৷ এই পাঁচটা বছরই তাঁর সময়৷ প্রবল প্রত্যাশা পূরণে সফল হলে তিনিই সিকান্দার৷ দেশ তাঁকে আবারও বরণ করতে পারে৷ না হলে কে বলতে পারে আঞ্চলিক মালিকেরা ফের মাথাচাড়া দেবে না?