মোবাইল নম্বর একটা, সংযোগদাতা ভিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নম্বর পোর্টাবিলিটি’, অর্থাৎ মোবাইল ফোন নম্বর ঠিক রেখেই সংযোগদাতা পরিবর্তনের প্রযুক্তি নিয়ে এসেছে বাংলাদেশি বহুজাতিক প্রতিষ্ঠান রিভ সিস্টেমস। ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৬-এ এই প্রযুক্তি দেখায় প্রতিষ্ঠানটি। নম্বর পোর্টাবিলিটি ইতিমধ্যে ব্রাজিলে ব্যবহার করা হচ্ছে। রিভের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে রিভ সিস্টেমসের প্যাভিলিয়ন পরিদর্শন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, ডাক টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ইমরান আহমেদ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফখরুদ্দিন আহমেদ চৌধুরীসহ অনেকে। এ সময় উপস্থিত ছিলেন রিভ সিস্টেমসের প্রতিষ্ঠাতা ও গ্রুপ সিইও এম রেজাউল হাসান এবং হেড অব গ্লোবাল সেলস রায়হান হোসেন। রেজাউল হাসান জানান, টেলিযোগাযোগ খাতের নেতৃস্থানীয়দের অংশগ্রহণে এ মেলা শুধু আঞ্চলিক নয়, আন্তর্জাতিক টেলিযোগাযোগ খাতেও প্রভাব বিস্তার করে।
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে রিভ তাদের আইটেল মোবাইল ডায়লার, আইটেল সুইচসহ অন্যান্য পণ্য প্রদর্শন করেছে।