মোবাইলে ম্যালওয়্যারের আক্রমণ বাড়ছে

হ্যাকার ও দুর্বৃত্তদের জন্য স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার হয়ে উঠেছে নতুন সাইবার যুদ্ধক্ষেত্র। এ বছরের প্রথমার্ধের তথ্য নিয়ে নকিয়ার থ্রেট ইনটেলিজেন্স রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে। ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার এ প্রতিবেদন প্রকাশ করে নকিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত মোবাইলে ম্যালওয়্যার বা ক্ষতিকর প্রোগ্রামের আক্রমণ ৯৬ শতাংশ বেড়েছে।
বিশ্বজুড়ে ১০ কোটির বেশি মোবাইল ডিভাইসের তথ্য বিশ্লেষণ করে এ তথ্য পেয়েছে নকিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড মোবাইলে ম্যালওয়্যার ছড়িয়েছে বেশি। ৭৪ শতাংশ ম্যালওয়্যার অ্যান্ড্রয়েড লক্ষ্য করে তৈরি। আইওএস প্ল্যাটফর্মে ৪ শতাংশ ম্যালওয়্যার পাওয়া গেছে।
নকিয়ার থ্রেট ইনটেলিজেন্স ল্যাবের প্রধান কেভিন ম্যাকনামি বলেন, এখনকার সাইবার দুর্বৃত্তরা বিস্তৃত অ্যাপ্লিকেশন ও প্ল্যাটফর্ম লক্ষ্য করে আক্রমণ করছে। এর মধ্যে রয়েছে জনপ্রিয় মোবাইল গেম ও নতুন ইন্টারনেট সংযুক্ত ডিভাইসগুলো। এসব প্ল্যাটফর্মের জন্য জটিল ও ধ্বংসাত্মক ম্যালওয়্যার তৈরি করছে তাঁরা।
বিশেষজ্ঞরা অপরিচিত উৎস থেকে অ্যাপ ডাউনলোড ও যেখানে সেখানে পাবলিক ওয়াই-ফাই ব্যবহারের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
তথ্যসূত্র: এএফপি।