মোবাইলের সর্বনাশ করছে 'গডলেস'

অ্যান্ড্রয়েড সফটওয়্যার চালিত মোবাইল ফোনে ক্ষতিকর একটি ভাইরাস দ্রুত ছড়াচ্ছে। ক্ষতিকর ওই প্রোগ্রামটির নাম ‘গডলেস’। তথ্যপ্রযুক্তি নিরাপত্তা সফটওয়্যার নির্মাতা ট্রেন্ড মাইক্রো এ তথ্য জানিয়েছে।
ট্রেন্ড মাইক্রোর বিশেষজ্ঞরা বলেন, গডলেস নামের ক্ষতিকর প্রোগ্রামটি অ্যান্ড্রয়েড অ্যাপের ভেতরে লুকিয়ে থাকে এবং ফোনের অপারেটিং সিস্টেমের রুটে স্থান করে নেয়। এটি ক্ষতিকর অন্যান্য অ্যাপ ডাউনলোড করে ফেলতে পারে। অ্যান্ড্রয়েড ৫ দশমিক ১ বা তার আগের যেকোনো সংস্করণে চলে আসতে পারে।
ট্রেন্ড মাইক্রোর তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে প্রায় ৮ লাখ ৫০ হাজার ফোন এ ম্যালওয়্যারে আক্রান্ত হয়েছে, যার বেশির ভাগ ভারতের। গুগলের প্লে স্টোরের মতো অ্যাপ স্টোরেও গডলেস প্রোগ্রামযুক্ত অ্যাপ রয়েছে। প্রোগ্রামটি মোবাইল ফোনে অননুমোদিত অ্যাপ ইনস্টলের জন্য অ্যাডমিন অ্যাকসেস দিয়ে দেয়।
ট্রেন্ড মাইক্রোর ভারত ও সার্ক অঞ্চলের কান্ট্রি ম্যানেজার নিলেশ জৈন পরামর্শ দিয়ে বলেন, ‘যখন অ্যাপ ডাউনলোড করবেন, তখন অবশ্য অ্যাপ নির্মাতাকে পর্যালোচনা করবেন। অপরিচিত অ্যাপ নির্মাতা ও ব্যাকগ্রাউন্ড তথ্য নেই, এমন উৎস থেকে অ্যাপ ডাউনলোড করা হলে ম্যালওয়্যারটি চলে আসতে পারে। মোবাইল ম্যালওয়্যার প্রতিরোধ করতে পারে এমন মোবাইল অ্যান্টিভাইরাস ব্যবহার করতে পারেন।’
তথ্যসূত্র : আইএএনএস।