মেয়র পদপ্রার্থীদের প্রচারণায় প্রযুক্তির ব্যবহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নয়জন মেয়র পদপ্রার্থীর মধ্যে কমপক্ষে পাঁচজন নির্বাচনী প্রচারণায় প্রযুক্তির ব্যবহার করছেন। নিজস্ব ওয়েবসাইট, ফেসবুক ও মোবাইল ফোনের খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে তাঁরা ভোট চাইছেন। একই সঙ্গে নিজেদের নগর পরিকল্পনা ও নির্বাচিত হলে কী কাজ করবেন—এ সম্পর্কিত তথ্যও উপস্থাপন করেছেন। মেয়র পদপ্রার্থীদের প্রযুক্তির ওই ব্যবহারকে তরুণ ভোটাররা সাদরে গ্রহণ করেছেন। নগরের বিভিন্ন পর্যায়ের ভোটারদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আফজল খান একটি ওয়েবসাইট খুলেছেন। www.afzalkhanbd.com ঠিকানার এই সাইটটি ছয় পাতার। এই সাইটে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের ছবি রয়েছে। তা ছাড়া তাঁর নির্বাচনী ইশতেহারও দেওয়া হয়েছে। অন্যদিকে একই দলের বিদ্রোহী মেয়র পদপ্রার্থী আনিসুর রহমান www.armithu.com নামের একটি ওয়েবসাইট খোলেন। এতে তিনি তাঁর নগর পরিকল্পনা উপস্থাপন করেছেন। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে প্রচারণায় রয়েছেন আওয়ামী লীগের আরেক বিদ্রোহী মেয়র পদপ্রার্থী ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি নুর উর রহমান মাহমুদ। অফিশিয়াল পেজ, ফ্যান পেজ মিলিয়ে তানিমের ফেসবুক পেইজের সংখ্যাও অনেক। অফিশিয়াল পেজটি নিয়মিত হালনাগাদ হচ্ছে, প্রচারণার ছবিও দেওয়া হচ্ছে নিয়মিত। সম্মিলিত নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী মনিরুল হকের (সাক্কু) ফেসবুক পেজ নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। এই পেজে পৌরসভার মেয়র থাকাকালে তাঁর বিভিন্ন উন্নয়নমূলক কাজের ছবি দেখা গেছে। এয়ার আহমেদের পেজটি খোলা হয়েছে নির্বাচনের তফসিল ঘোষণার এক মাস আগে। যদিও এটি নিয়মিত হালনাগাদ করা হচ্ছে না। তবে এতে সেলিমের প্রচারপত্রের বক্তব্য রয়েছে।বিভিন্ন মুঠোফোন সংযোগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে মেয়র পদপ্রার্থীরা খুদে বার্তার মাধ্যমে নিজ নিজ প্রতীকের পক্ষে ভোট চেয়েছেন। এর মধ্যে আনিসুর রহমান রবি নম্বর থেকে ভোটারদের খুদে বার্তা দিচ্ছেন। কেবল প্রার্থীদের গণসংযোগ নয়, প্রযুক্তির ব্যবহারও ভোটের ক্ষেত্রে সহায়ক শক্তি হিসেবে কাজ করছে বলে ভোটাররা মনে করছেন।আগামী ৫ জানুয়ারি নবগঠিত কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নির্বাচন। —গাজীউল হক, কুমিল্লা