
মেয়েরা আইসক্রিম ও চিনিযুক্ত অন্যান্য খাবারের প্রতি সাধারণত বেশি আকৃষ্ট হয়। তাই বলে খাবার বাছাইয়ের ক্ষেত্রে তাদের রুচি নিয়ে সমালোচনার সুযোগ নেই। কারণ কানাডার একদল গবেষক দাবি করছেন, শরীরে একটি বিশেষ জিনের উপস্থিতির কারণেই মেয়েরা মিষ্টিজাতীয় খাবার তুলনামূলক বেশি পছন্দ করে।
ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল মিনি ওই গবেষণায় নেতৃত্ব দেন। এ সংক্রান্ত একটি প্রতিবেদন অ্যাপেটাইট সাময়িকীতে প্রকাশিত হয়েছে। মিষ্টির প্রতি আকর্ষণ তৈরির জন্য দায়ী জিনের প্রভাবেই মানুষ স্থূলতার সমস্যায় আক্রান্ত হয় বলে গবেষকেরা ধারণা করছেন। অধ্যাপক মিনি বলেন, তাঁরা এখন স্থূলতাকে জিনগত সমস্যা হিসেবে চিহ্নিত করার পক্ষে কারণ খুঁজছেন। তাঁদের গবেষণায় জিনগত ও আবেগী সুস্থতার সমন্বয় কীভাবে খাদ্যাভ্যাসকে প্রভাবিত করে এবং স্থূলতার মতো সমস্যা তৈরি করে, সে ব্যাপারে অনেকদূর অগ্রগতি হয়েছে। পরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা শিশুদের শনাক্তকরণের চেষ্টা করা হবে, যাতে স্থূলতা সমস্যার প্রাথমিক পর্যায়েই তাদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেওয়া যায়।
গবেষকেরা চার বছর বয়সী ১৫০ জন শিশুর ওপর জরিপ চালান। তাদের স্বাস্থ্যসম্মত ও স্বাস্থ্যসম্মত নয়—এ রকম কিছু হালকা খাবার থেকে পছন্দমতো বাছাই করে নিতে বলা হয়। গবেষক প্যাট্রিসিয়া সিলভেরিয়া বলেন, মজাদার খাবারের প্রতি মানুষের আকর্ষণ নিয়ন্ত্রণকারী ডোপামিন মূলত শরীরে একটি জিনের উপস্থিতির তারতম্যের ওপর নির্ভর করে। ওই জিনের প্রভাবেই মেয়েদের শরীরে ডোপামিনের কার্যকারিতা তুলনামূলক কম হয়ে থাকে। নিউজিল্যান্ড হেরাল্ড।