মেয়ের বিয়ের উপহার আইফোন ৮ প্লাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইফোন ৮
আইফোন ৮

মেয়ের বিয়ে। বাবা হিসেবে কি উপহার দেবেন? নতুন আইফোনের চেয়ে আর কি ভালো উপহার হতে পারে! তাইতো তিনি ছুটে গেছেন সিঙ্গাপুরে অ্যাপল স্টোরের সামনে। আমিন আহমেদ ঢোলিয়া (৪৩) নামের ভারতীয় এক ব্যবসায়ীকে গতকাল শুক্রবার সিঙ্গাপুরের অরচার্ড রোডের অ্যাপল স্টোরের সামনে অপেক্ষায় দেখা যায়।

নতুন আইফোন হাতে পেতে প্রায় ১২ ঘণ্টা দাঁড়িয়েছিলেন ওই ব্যবসায়ী। প্রায় ২০০ জনের একটি লাইনের সবার সামনে ছিলেন তিনি। দ্য স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, আইফোন ৮ প্লাস কিনতে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে লাইনে দাঁড়ান ঢোলিয়া। মেয়ের জন্য আইফোন উপহার হিসেবে কিনতে তিনি ভারত থেকে সিঙ্গাপুর যান।

লাইনে দাঁড়ানোর পর ঢোলিয়া বলেন, দুই মেয়ের জন্য দুটি আইফোন কিনবেন তিনি। এই প্রথম তিনি কোনো কিছুর জন্য সারা রাত অপেক্ষা করেছেন। শুরুতে ভালো লাগলেও সারা রাত অপেক্ষা করা কঠিন ছিল।

শুক্রবার সকাল ৮টার দিকে আইফোন বিক্রি শুরু হলে লাইনে ২০০ জনকে দেখা যায়। তাদের মধ্যে অনেকেই বিদেশি ছিলেন। সিঙ্গাপুর ডেইলির এক খবরে বলা হয়, দুটি আইফোন কিনে শুক্রবারেই দেশে ফেরেন ঢোলিয়া। সিঙ্গাপুরে গত মে মাসে অ্যাপল স্টোর খোলার পর আইফোন ৮ ও ৮ প্লাস প্রথম আলোচিত পণ্য বিক্রির ঘটনা।

বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির জ্যেষ্ঠ গবেষণা ব্যবস্থাপক কিরনজিত কর বলেন, অ্যাপল স্টোরের সামনে বিদেশিদের লম্বা লাইনের কারণ হচ্ছে অনেক দেশেই এখনো নতুন আইফোন বিক্রি শুরু হয়নি। অনেকেই আগেভাগে ফোন কিনে দেশে নিয়ে যেতে চান।

গত ১২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আইফোন ৮ ও ৮ প্লাসের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। আইফোন ৮ ও ৮ প্লাস এর দাম শুরু ৬৯৯ মার্কিন ডলার ও ৭৯৯ মার্কিন ডলার থেকে। তথ্যসূত্র: পিটিআই।