মেয়ের ভিডিওতে চাকরি খোয়ালেন অ্যাপল প্রকৌশলী

অ্যাপল নিজেদের একজন প্রকৌশলীকে চাকরিচ্যুত করেছে। ওই প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, তার মেয়ে তার ইউটিউব চ্যানেলে বাজারে ছাড়ার অপেক্ষায় থাকা আইফোন টেনের তথ্য প্রকাশ করে দিয়েছেন।
অ্যাপলের আইফোন টেনের আগাম ফরমাশ নেওয়া শুরু হয়েছে এ মাসের গত শুক্রবার (২৭ অক্টোবর) থেকে। গ্রাহকের হাতে না পৌঁছালে তালগোল পাকিয়ে ফেলল আইফোন টেন।
গত সপ্তাহে ব্রুক অ্যামেলিয়া পিটারসন তার নিজের ইউটিউব চ্যানেলে আইফোন টেনের একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওটিতে অ্যামেলিয়া জানান, ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের সদর দপ্তরে তার বাবার অফিসে গিয়ে তিনি নতুন আইফোনটি ব্যবহার করেছেন। এরপরই তার বাবা অ্যাপলের চাকরি হারান। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঝড় তোলে।
তবে, নতুন একটি ভিডিওতে অ্যামেলিয়া জানান, সেই ভিডিওর ফলে তার বাবা চাকরি হারিয়েছেন। অ্যামেলিয়া সকলকে অনুরোধ করেন, তার বাবাকে নিয়ে যেন কেউ কোনো বাজে মন্তব্য না করেন।
অ্যামেলিয়া বলেন, যত পারেন আমাকে মন্দ বলুন। কিন্তু দয়া করে আমার বাবাকে নিয়ে বাজে কথা বলবেন না। কারণ তিনি সেরা ব্যক্তি।
অ্যাপলের প্রধান কার্যালয়ের ক্যাফেটেরিয়ায় গত সপ্তাহে অ্যামেলিয়া পিটারসন তার বাবার সঙ্গে খাওয়ার সময় আইফোন টেনের ভিডিওটি ধারণ করেন। ভিডিওটিতে অ্যামেলিয়া দেখান, আইফোন টেন স্মার্টফোনে কী কী ধরনের সুবিধা আছে। যেমন—এ ফোন ব্যবহার করে তার বাবা স্বয়ংক্রিয়ভাবে নাশতার বিল পরিশোধ করেছেন। ভিডিওটিতে অ্যামেলিয়া বলেন, বাবার নতুন আইফোন টেন রয়েছে। দেখুন এই আইফোনের স্ক্রিন কত বড়…খুব সহজেই সোয়াপ করা যায়। বাবা-মেয়ে এ সময় নতুন চমকপ্রদ ফিচার অ্যানিমেটেড ইমোজি নিয়ে খেলা করে দেখান।
কিন্তু তার এই ভিডিওর জন্য অ্যাপল থেকে বাবার চাকরি যাবে জানলে বোধ হয় সে কাজ করতেন না অ্যামেলিয়া। তাঁর মতে, তিনি ভাবতেও পারেননি ভিডিওটি এত মানুষের মাঝে সাড়া ফেলবে।

অ্যামেলিয়া ইউটিউব প্রকাশিত পোস্টের পর অ্যাপলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ভিডিওতে অ্যামেলিয়া আইফোন টেনের অ্যাপল পে এবং এক্সক্লুসিভ ইউজার ইন্টারফেস ফিচার দেখিয়েছিলেন। এর ফলে তিনি প্রতিষ্ঠানের নিয়ম লঙ্ঘন করেছেন। অ্যাপলের নিয়মানুযায়ী তাদের দপ্তরের ভেতরে ছবি তোলা নিষেধ। তা ছাড়া বাজারের ছাড়ার আগেই তা কারও দেখারই কথা নয়।
অ্যাপল নভেম্বর মাসের ৩ তারিখে আইফোন টেন বাজারে ছাড়বে। কিন্তু তার আগেই ওই ভিডিওর মাধ্যমে নতুন আইফোন ফাঁস হওয়ায় অ্যাপলের নির্দেশে ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে মুছে ফেলেছে অ্যামেলিয়া।
অ্যামেলিয়া তার ইউটিউব চ্যানেল থেকে আইফোন এক্সের ভিডিওটি মুছে ফেললেও, তা ভাইরাল হয়েছে ইউটিউবে।
নতুন একটি ভিডিওটিতে অ্যামেলিয়া বলেন, অ্যাপলে চাকরি করলে আপনি মানুষ হিসেবে যত ভালোই হোন না কেন, নিয়ম ভাঙলে কঠোর শাস্তি মাথা পেতে নিতে হবে। কর্মীদের নিরাপত্তা এবং ভালো কোনো কিছুর জন্য নিয়ম রয়েছে। আমার বাবার মাধ্যমে একটি নিয়ম ভঙ্গ হয়েছে এবং তিনি এর দায় পুরোপুরি নিয়েছেন। তথ্যসূত্র: ম্যাশেবল ও গার্ডিয়ান