মোজিলা মোবাইল ফোন!
ফায়ারফক্স ওয়েব ব্রাউজার নির্মাতা মোজিলা ফাউন্ডেশনের অপারেটিং সিস্টেম-চালিত নতুন একটি স্মার্টফোন শিগগিরই বাজারে আসছে। মোজিলার বরাতে এক খবরে বিবিসি জানিয়েছে, এ বছরের শেষ দিকে বাজারে আসবে মোজিলার তৈরি বুট টু গেকো (বিটুজি) অপারেটিং সিস্টেম-চালিত নতুন মোবাইল ফোন। ব্রাজিলের টেলিফোনিকা ভিভো মোবাইল নেটওয়ার্ক এ মোবাইল ফোন বাজারে আনবে। ২০১১ সালের জুলাই মাসে মোজিলা ফাউন্ডেশন বুট টু গেটো অপারেটিং সিস্টেম তৈরির ঘোষণা দিয়েছিল। মোজিলার তৈরি এই অপারেটিং সিস্টেম সরাসরি গুগলের প্রতিদ্বন্দ্বী হতে পারবে বলেই ধারণা করছেন মোজিলার প্রধান নির্বাহী গ্যারি কোভাকস। এ প্রসঙ্গে মোজিলার প্রধান নির্বাহী জানিয়েছেন, বিটুজি নামের এই অপারেটিং সিস্টেমে মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনগুলো ওয়েবপেজের মতো চালানো যাবে এবং বিভিন্ন তথ্য ও লিংক শেয়ার করা যাবে। এইচটিএমএল৫ ব্যবহার করে তৈরি করা হয়েছে এ অপারেটিং সিস্টেম।