মোদি মোহে মজবে ভারত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোদি
মোদি

ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার নির্বাচন যত এগিয়ে আসছে, দেশটির প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনাকল্পনা তত বাড়ছে। নির্বাচনে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে বিজেপি নেতা ও গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি যে সবচেয়ে বেশি এগিয়ে আছেন, তা সন্দেহাতীত। কিন্তু কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীর সাম্প্রতিক তৎপরতা এবং আম আদমি পার্টির প্রধান ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দুর্নীতিবিরোধী হাঁকডাকে মোদির ভরা জোয়ারে যেন টান লেগেছে।
রাহুল গান্ধী বেশ জোরেশোরে ব্যবসায়ীদের সঙ্গে নির্বাচনী আলোচনা শুরু করেছেন। অন্যদিকে কেজরিওয়ালের দলের দুর্নীতিবিরোধী লড়াই সফল হলে তাতে অর্থনীতির গতি ফিরবে, এমনটা আশা করছেন শিল্প উদ্যোক্তারা। তবে বিবিসি বলছে, গত পাঁচ বছরে মোদির জনপ্রিয়তা যে হারে বেড়েছে, সেটি বিস্ময়কর। এ সময়ে তাঁর জনপ্রিয়তা ১৮.৮ থেকে বেড়ে ৩৪ শতাংশে দাঁড়িয়েছে।
অতিসম্প্রতি স্যাটেলাইট চ্যানেল সিএনএন-আইবিএনের এক জনমত জরিপের ফলাফলে দেখা গেছে, নরেন্দ্র মোদির প্রতি জনসমর্থন কিছুটা কমলেও এখনো তিনি সবার চেয়ে এগিয়ে আছেন। ভারতের ছয়টি রাজ্যে চালানো এ জরিপে দেখা যায়, ৩১ শতাংশ মানুষ এখনো মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় ১৩ শতাংশ মানুষ। সোনিয়া গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, মায়াবতী ও মুলায়ম সিংয়ের পক্ষে ভোট পড়েছে ৪ শতাংশ। মনমোহন সিংয়ের পক্ষে ভোট পড়েছে ৩ শতাংশ।
চরম সাম্প্রদায়িক ও গোঁড়া হিন্দু হিসেবে প্রচার পাওয়া মোদির মোক্ষম অস্ত্র গুজরাটের বাণিজ্যিক বিকাশ। তাঁর গত ১৩ বছরের শাসনামলে গুজরাট ভারতের সবচেয়ে বিকাশমান রাজ্যে পরিণত হয়েছে। গত আধা শতকে ভারতে ফুলেফেঁপে ওঠা কোটিপতি শ্রেণী ছাড়াও প্রচুর বিদেশি প্রতিষ্ঠান গুজরাটে বিনিয়োগ করার জন্য মুখিয়ে আছে।
কার্যত মোদি তুরুপের তাসটি তুলেছিলেন টাটা ন্যানোকে গুজরাটে সওদা খুলতে দিয়ে। জগৎখ্যাত টাটা যখন পশ্চিমবঙ্গের সিঙ্গুরে কারখানা চালু করতে ব্যর্থ হয়েছিল, তখন মোদি টাটার জন্য গুজরাটের দরজা খুলে দিয়েছিলেন। এভাবে তিনি হয়ে উঠেছেন ভারতের বুর্জোয়া সমাজের শ্রদ্ধা ও আস্থার পাত্র।
এ প্রসঙ্গে ভারতের বড় শিল্পগোষ্ঠী আরপিজির চেয়ারম্যান হর্ষবর্ধন গোয়েঙ্কা ইকোনমিক টাইমসকে বলেন, ‘শিল্পনেতাদের মধ্যে জরিপ চালালে দেখা যাবে শতকরা ৯০ জনই মোদিকে সমর্থন করছেন।’ ভারতের আরেকটি শিল্পগোষ্ঠীর প্রধান পরিচয় গোপন রাখার শর্তে ইকোনমিক টাইমসকে বলেন, ‘ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী হিসেবে এমন কাউকে চাইছেন যিনি দৃঢ়ভাবে একটি সিদ্ধান্ত নিতে পারবেন।’ তিনি বলেন, ব্যবসায়ী সমাজের যে কেউ চাইলেই মোদির সঙ্গে দেখা করতে পারেন এবং মোদিও যথাসাধ্য দ্রুত পদক্ষেপ নেন। যদি কোনো সকালে তাঁর অফিসে একটা খবর পাঠানো হয়, তবে এটা নিশ্চিত যে তিনি (মোদি) সেদিন কোনো এক ফাঁকে ফোন করবেনই।
এভাবে আচরণ ও কাজের জোরেই নরেন্দ্র মোদি রিলায়েন্স শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানি, টাটার সাবেক প্রধান রতন টাটা এবং ইনফোসিসের চেয়ারম্যান এন আর নারায়ণ মূর্তির মতো ব্যক্তিদের আস্থাভাজন হয়েছেন। ব্যবসায়ীরা হাত খুলে সমর্থন দিতে শুরু করেছেন মোদিকে।
তবে শেষ চালটি সম্ভবত মোদির হাতে নয়, বরং তাঁর গুজরাটের হাতে। গুজরাটে বিনিয়োগ করেছেন, এমন এক মুম্বাইবাসী ব্যবসায়ী বলছেন, দুই মাস ধরে মোদি নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় রাজ্যে কাজকর্ম সব যেন থেমে গেছে।
গুজরাটের সব সিদ্ধান্ত নেন মোদি। কার্যত তাঁকে ঘিরেই কাজ করে সরকার। বাকি মন্ত্রীরা খুব বেশি নাক গলান না। তাঁদের কাছে কোনো কাজে গেলে তাঁর আগে জেনে নেন, ওই বিষয়ে মোদির মত কী।
ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, মোদি হয়তো প্রধানমন্ত্রী হিসেবে তাঁর এক হাতের মকশো দেখাতে পারবেন না। শ্রীরাম গ্রুপের চেয়ারম্যান আর ত্যাগরাজন বলছেন, ‘যদি কেউ ভাবেন যে মোদির হাতে জাদুর কাঠি আছে, মনমোহনের কাছে নেই, তবে তা হবে মস্ত বড় ভুল। গুজরাট রাজ্যের সঙ্গে পুরো দেশকে গুলানো চলে না। প্রধানমন্ত্রী চাইলেই মুখ্যমন্ত্রীদের মতো একা সিদ্ধান্ত নিতে পারেন না।’ আর এ চিন্তাই হয়তো পাল্টে দিতে পারে নির্বাচনের শেষ হিসাব। ২০০৯ সালেও ভারতীয় গণমাধ্যমগুলো বলেছিল, বিজেপি জিততে চলেছে। আর ওই হিসাবগুলো যে শেষাবধি ভুল প্রমাণিত হয়েছিল, তা সবারই জানা।
গোলাম মুর্শেদ, সূত্র: বিবিসি ও ইকোনমিক টাইমস