মোবাইল অ্যাপ ডেভেলপারদের চাহিদা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাপী চাহিদা বাড়ছে মোবাইল অ্যাপ ডেভেলপারদের। যুক্তরাষ্ট্রভিত্তিক ট্যালেন্ট নিউরন নামের একটি তথ্য-গবেষণা প্রতিষ্ঠানের সাম্প্রতিক গবেষণা অনুসারে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপারদের বর্তমান চাহিদা দক্ষ অ্যাপ্লিকেশন নির্মাতাদের চেয়ে অনেক বেশি। বর্তমানে অনেক বড় প্রতিষ্ঠানই তাদের কাজের জন্য বিশ্বের বিভিন্ন দেশের মেধাবীদের সুযোগ দিচ্ছে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।

ট্যালেন্ট নিউরনের গবেষকেরা জানিয়েছেন, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপারদের চাহিদা গত দুই বছরে দ্বিগুণ হয়েছে। মোবাইল ডেভেলপারের চেয়ে চাকরির বিজ্ঞাপন শতভাগ পর্যন্ত বেড়েছে কিন্তু এর বিপরীতে দক্ষ ডেভেলপার বেড়েছে মাত্র ১৩ শতাংশ। আর এ শূন্যতা পূরণে বিশ্বের বড় প্রতিষ্ঠানগুলোকে নতুন মেধাবী ডেভেলপার খুঁজতে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে হয়েছে, কোনো প্রতিষ্ঠানকে কিনতে হয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশে মেধাবীদের খুঁজে বের করতে হয়েছে।

গবেষকদের তথ্য অনুযায়ী, বর্তমানে মোবাইল অ্যাপ্লিকেশনের বেশির ভাগই ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার। আর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন নির্মাতার সংখ্যা বেশি।

অ্যাপ্লিকেশন নির্মাণের দক্ষতা হিসেবে এইচটিএমএল৫, অ্যান্ড্রয়েড ও আইওএস দক্ষতাকেই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।