মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের যত চমক

কাল ২ মার্চ থেকে স্পেনের বার্সেলোনায় শুরু হচ্ছে চার দিনের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। ইতিমধ্যে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এবারের আয়োজন নিয়ে তাদের প্রস্তুতি শেষ করে ফেলেছে। প্রতিবছর মার্চ মাসের প্রথম সপ্তাহে হাজার হাজার প্রতিবেদক, বিশ্লেষক, ব্যবসায়ীর আনাগোনায় মুখর হয়ে ওঠে স্পেন্সের বার্সোলোনার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ট্রেড শো। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস সংক্ষেপে এমডব্লিউসি নামেই অধিক পরিচিত, যা মোবাইল প্রযুক্তি, মোবাইল ফোন, নেটওয়ার্ক, হটস্পট, অবকাঠামোসহ নানা প্রযুক্তিপণ্যের প্রদর্শনীস্থল হয়ে ওঠে।
বিশ্লেষকদের চোখে, সাম্প্রতিক বছরগুলোতে এমডব্লিউসি কিছুটা যেন ঝিমিয়ে পড়েছিল, কনজুমার ইলেকট্রনিক পণ্যের প্রদর্শনী থেকে সরে এসে এ আয়োজন হয়ে দাঁড়িয়েছিল বড় বড় প্রতিষ্ঠানের পণ্য ও অবকাঠামো ঘোষণা দেওয়ার আয়োজনে। কিন্তু এ বছর আবার ভিন্ন ভিন্ন আয়োজনের মাধ্যমে শোরগোল তুলতে যাচ্ছে এমডব্লিউসির আয়োজন। এবার বড় বড় প্রতিষ্ঠানের কাছ থেকে আনকোরা পণ্যের ঘোষণা আসতে পারে।
সোমবার থেকে শুরু হলেও আজ রোববার থেকেই শুরু হয়ে গেছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের আকর্ষণ। এবারের মোবাইল ওয়ার্ল্ডে আকর্ষণীয় দিক হচ্ছে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের কি-নোট। এ ছাড়া যে আকর্ষণীয় পণ্য ও সেবা এবারের নজর কাড়বে, তা এ প্রতিবেদনে তুলে ধরা হলো। এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস প্রযুক্তি বিশ্লেষকদের চোখে নতুন নতুন ‘মোবাইল ফোন’-এর আকর্ষণীয় এক প্রদর্শনী বলেই বিবেচিত হচ্ছে।
দুটি নতুন ফোন আনবে স্যামসাং
গত বছরের মতো এবারও মোবাইল ফোনের চমক দিতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। আজ রোববার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। স্যামসাংয়ের নতুন মোবাইল ফোন নিয়ে আগেভাগেই অনেক তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, এবার দুটি নতুন মডেলের স্মার্টফোনের ঘোষণা দেবে স্যামসাং। একটি হচ্ছে গ্যালাক্সি এস ৬ ও এর আরেকটি বাঁকানো ডিসপ্লেযুক্ত সংস্করণ।
এইচটিসি আনবে নতুন ফোন
আজ রোববার স্যামসাংয়ের মতো তাইওয়ানের স্মার্টফোন নির্মাতা এইচটিসি একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। এ অনুষ্ঠানে এম ৯ নামে গত বছরে বাজার আনা এম ৮ স্মার্টফোনটির পরবর্তী সংস্করণ ঘোষণা দেবে এইচটিসি।
মজিলা দেখাবে নতুন ফায়ারফক্স

বরাবরের মতো এবারও মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস উপলক্ষে মজিলা তাদের ফায়ারফক্স অপারেটিং সিস্টেমের উন্নত সংস্করণ ঘোষণার জন্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসকেই বেছে নেবে। আজ ফায়ারফক্স একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে যেখানে উন্নত ফায়ারফক্স অপারেটিং সিস্টেমের তথ্য তুলে ধরতে পারে। এই ওএস দিয়ে এন্ট্রি লেভেলের স্মার্টফোন বাজার দখল করতে চাইছে মজিলা ফাউন্ডেশন।
স্মার্টওয়াচ দেখাবে এলজি
এ বছরের মোবাইল ওয়ার্ল্ডে স্যামসাং বা এইচটিসির মতো বড় কোনো পরিকল্পনা নেই এলজির। সম্প্রতি জানুয়ারি মাসে লাস ভেগাসে অনুষ্ঠিত কনজুমার ইলেকট্রনিক শো (সিইএস) উপলক্ষে জি ফ্লেক্স ২ উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। তবে এবার পরিধেয় পণ্যের বাজারে নাড়া দিতে ওয়েবওএস অপারেটিং সিস্টেমের স্মার্টওয়াচ উন্মুক্ত করতে পারে এলজি।
উইন্ডোজ ফোনে উইন্ডোজ ১০ দেখাবে মাইক্রোসফট
২ মার্চ সোমবার মাইক্রোসফট একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে যেখানে মাইক্রোসফটের নতুন প্রযুক্তি দেখানোর সম্ভাবনা রয়েছে। নকিয়াকে কিনে নেওয়ার পর এবারই প্রথম মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নতুন পণ্য দেখানোর পরিকল্পনা করেছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। অবশ্য হার্ডওয়্যারের দিক বিবেচনায় এবারে তেমন কোনো উল্লেখযোগ্য ঘোষণা নাও দিতে পারে মাইক্রোসফট কর্তৃপক্ষ। এবারের আয়োজনে পাঁচ ইঞ্চি মাপের লুমিয়া ৬৪০ কিংবা আরেকটু বড় আকারের লুমিয়া ১৩৩০ মডেলের স্মার্টফোন দেখাতে পারে মাইক্রোসফট। এ ছাড়া ফোনে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম কীভাবে কাজ করে, তার বিস্তারিত জানাতে পারে প্রতিষ্ঠানটি।

গুগলের কি-নোট
কোনো ট্রেড শো উপলক্ষে বড় ধরনের পণ্য ঘোষণা করে না গুগল। অবশ্য এবারের মোবাইল ওয়ার্ল্ডে বড় ধরনের ঘোষণা দিতে পারেন প্রতিষ্ঠানটির পণ্য বিভাগের প্রধান সুন্দর পিশাই। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ৪৫ মিনিটের একটি কি-নোট উপস্থাপন করবেন তিনি। তার সেই কি-নোটে গুগলের নতুন পণ্য বা উদ্যোগের ঘোষণা আসতে পারে।
হালকা-পাতলা ট্যাব আনবে সনি
সাধারণত জানুয়ারি মাসে অনুষ্ঠিত সিইএস মেলাতে বিশেষ পণ্য দেখায় সনি। কিন্তু এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসেও চমক দেখাতে পারি প্রতিষ্ঠানটি। এবারের চমক হিসেবে থাকবে জেড ৪ নামের হালকা-পাতলা ট্যাব। অবশ্য এই ট্যাবের পাশাপাশি মিড রেঞ্জ ও লো এন্ডের কয়েকটি মডেলের স্মার্টফোনের ঘোষণা দিতে পারে সনি কর্তৃপক্ষ।
মটোরোলার লো এন্ডের ফোন
মটোরোলা সম্প্রতি দ্বিতীয় প্রজন্মের মটো ই নামের স্মার্টফোনের ঘোষণা দিয়েছে। তাই মটোরোলার কাছ থেকে নতুন কিছু আশা না করাই ভালো। অবশ্য নতুন এই স্মার্টফোনগুলো প্রদর্শন ছাড়াও সর্বশেষ প্রযুক্তিপণ্যগুলো দেখাতে পারে মটোরোলা।
ব্ল্যাকবেরির নতুন টাচস্ক্রিন ফোন
স্মার্টফোনের বাজারে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ে হিমশিম খাচ্ছে একসময়ের জনপ্রিয় ব্ল্যাকবেরি। এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসকে তাই ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসেবে ব্যবহার করতে চাইছে কানাডার প্রতিষ্ঠানটি। গত কয়েক মাসে পাসপোর্ট, ক্লাসিক নামের ফোনগুলো বাজারে ছেড়ে নতুনভাবে যাত্রা করেছে প্রতিষ্ঠানটি। ব্ল্যাকবেরির প্রধান নির্বাহী জন চেন বলেছেন, ‘এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস আমাদের ভবিষ্যতের মোবাইল পরিকল্পনা সম্পর্কে পথ দেখাবে।’ ৩ মার্চ মঙ্গলবার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ব্ল্যাকবেরি। হার্ডওয়্যার, কি-বোর্ডের দিকে আবার আগ্রহ দেখালেও প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, নতুন টাচস্ক্রিন ফোন তৈরি করছে ব্ল্যাকবেরি। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে সেই চমক দেখাতে পারে।

ভারচুয়াল রিয়েলিটি গিয়ার দেখাবে ভালভ
গেম নির্মাতা প্রতিষ্ঠান ভালভ এবার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অংশ নিয়েছে। ভারচুয়াল রিয়েলিটি গেমের জগতে পরিবর্তন আনতে মাথায় পরার উপযোগী ভারচুয়াল রিয়েলিটি গিয়ার দেখাতে পারে প্রতিষ্ঠানটি।
৫ জি
এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে আলোচনার আরেকটি বিষয় হচ্ছে ৫ জি সংযোগ। ফিনল্যান্ডের মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা নকিয়া নেটওয়ার্কস কর্তৃপক্ষ এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে সব পণ্যে ইন্টারনেট সুবিধা বা ইন্টারনেট অব থিংসে (আইওটি) ৫ জির সম্ভাবনার বিষয়টি প্রদর্শন করবে। মিলিমিটার ও সেন্টিমিটার ওয়েভ ব্যান্ডে ৫ জি রেডিও যন্ত্রপাতি সরাসরি দেখাবে প্রতিষ্ঠানটি।