মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২৭ ফেব্রুয়ারি
স্পেনের বার্সেলোনায় ২৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে মোবাইল বিশ্বের বৃহত্তম মেলা ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১২’। মেলা ঘিরে প্রযুক্তিবিশ্বে এ নিয়ে সাড়া পড়ে গেছে। ‘রিডিফাইন মোবাইল’ স্লোগানে এবারের মেলায় ২৬ ফেব্রুয়ারি থেকেই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য নিয়ে হাজির হয়েছে।এবারের মেলায় ইনটেল, এইচটিসি, এলজি, সনি, স্যামসাং, টেক্সাস ইনসট্রুমেন্টস, এনভিডিয়াসহ এক হাজার ৪০০টি প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নতুন প্রযুক্তির স্মার্টফোন, ট্যাবলেটসহ প্রযুক্তি ক্ষেত্রের অনেক নতুন ঘোষণা আসতে পারে—এমন আশা করছেন প্রযুক্তি-বিশ্লেষকেরা।মেলায় নজর কাড়তে পারে, এমন প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে এলজি, ইনটেল, মাইক্রোসফট, গুগল, মজিলার মতো প্রতিষ্ঠানগুলো। এলজি এরই মধ্যে ৪এক্স এইচডি নামের একটি মোবাইল ফোন আনার ঘোষণা দিয়েছে। ইনটেল আইভিব্রিজ প্রসেসর চালিত স্মার্টফোন আনতে পারে। নকিয়ার তৈরি মাইক্রোসফটের উইন্ডোজ মোবাইলও নজর কাড়বে এবারের মেলায়। এবারের মেলায় গুগল তাদের আইসক্রিম স্যান্ডউইচ-চালিত বিভিন্ন ডিভাইসের পাশাপাশি পরবর্তী অপারেটিং সিস্টেম জেলি বিনের ঘোষণা দিতে পারে।মেলা-সংশ্লিষ্ট অনেকেই ধারণা করছেন, মেলা উপলক্ষে এ সময়েই মজিলা তাদের অ্যাপ স্টোরের ঘোষণা দিয়ে চমকে দিতে পারে সবাইকে। এ ছাড়া এবারের মেলায় গেম, অ্যাপ্লিকেশনসহ নতুন অনেক প্রযুক্তির ঘোষণা আশা করছেন প্রযুক্তি-বিশ্লেষকেরা।মেলায় কি-নোট উপস্থাপন করতে পারেন প্রযুক্তিবিশ্বের গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তি। এ তালিকায় রয়েছেন গুগলের নির্বাহী চেয়ারম্যান এরিক স্মিড, ফোর্ডের নির্বাহী চেয়ারম্যান উইলিয়াম ক্লে ফোর্ড জুনিয়র, ফেসবুকের প্রধান প্রযুক্তি কর্মকর্তা ব্রিট টেইলর প্রমুখ।