মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অ্যান্ড্রয়েডের আধিপত্য
স্পেনের বার্সেলোনা নগরে গত রোববার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস শুরু হয়েছে। মোবাইল ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর এই মেলায় এবার আধিপত্য করছে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম-চারিত হ্যান্ডসেটগুলো। সনি-এরিকসন এবারের মেলায় এনেছে এক্সপেরিয়া প্লে নামের স্মার্টফোন-কাম গেমিং ডিভাইস। মেলার প্রথম দিনই এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সনি-এরিকসনের প্রতিদ্বন্দ্বী স্যামসাং মেলায় গ্যালাক্সি ১০ নামে নতুন একটি ট্যাবলেট পিসি এনেছে। এর রয়েছে ১০ দশমিক ১ ইঞ্চি মনিটর। অন্যদিকে এলজি মেলায় উদ্বোধন করেছে তাদের প্রথম মোবাইল ফোন। থ্রিডি এই মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড। এ ছাড়া নকিয়া, মাইক্রোসফট, অ্যাপল ও গুগল অনেক নতুন পণ্য মেলায় এনেছে। মেলার আয়োজকেরা বলছেন, এবারের মেলায় অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি পণ্য এসেছে। এসব পণ্য বেশ আকর্ষণীয়। তাই তারা আগের চেয়ে অনেক বেশি দর্শনার্থী প্রত্যাশা করছে। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান