মোবাইল কংগ্রেস নিয়ে বার্সেলোনা উত্সবমুখর

স্পেনের বার্সেলোনায় কাল সোমবার থেকে শুরু হচ্ছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। ফুটবলের শহর স্পেনের বার্সেলোনা গত কয়েক বছরে বিশ্ব মোবাইল সম্মেলনের আয়োজক হিসেবেও বেশ পরিচিতি পেয়েছে। সম্মেলন উপলক্ষে গোটা শহর এখন উত্সবমুখর। এতে বিভিন্ন দেশের পৃথক প্যাভিলিয়ন থাকবে। সম্মেলনে যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রযুক্তিপ্রেমীরা বার্সেলোনা শহরে আসতে শুরু করেছেন।
মোবাইল নিয়ে সবচেয়ে বড় সম্মেলন হিসেবে ২৪ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিশ্বের বিভিন্ন মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান এই সম্মেলনে অংশ নিচ্ছে। সম্মেলনে ৯৪ হাজার বর্গমিটার এলাকায় বিশ্বের ২২০টি দেশের প্রায় এক হাজার ৭০০ প্রতিষ্ঠান অংশ নেবে বলে এর আয়োজকেরা জানিয়েছেন।
আয়োজনের ব্যাপকতার আঁচ পাওয়া গেল বার্সেলোনা বিমানবন্দরে নেমেই। বিমানবন্দরে আসা অধিকাংশ মানুষ এই সম্মেলনে এসেছেন। বিমানবন্দরের বিভিন্ন স্থানে সম্মেলনের পোস্টার লাগানো হয়েছে। সম্মেলনের স্বেচ্ছাসেবকরা অতিথিদের নানা রকম দিকনির্দেশনা দিচ্ছেন। বিমানবন্দরের একটি স্থানজুড়ে বিভিন্ন বুথে সম্মেলনে যোগ দিতে আসা অতিথিদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে সম্মেলনে ঢোকার পরিচয়পত্র দেওয়া হচ্ছে। এ জন্য অবশ্য অতিথিদের সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণপত্র দেখাতে হচ্ছে। এই সম্মেলন উপলক্ষে বার্সেলোনা শহরের আশপাশে বিভিন্ন আবাসিক হোটেলে মানুষের আনাগোনা বেড়েছে।
সম্মেলনে বিভিন্ন মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান তাদের কাজের বর্তমান ও ভবিষ্যত্ পরিকল্পনা তুলে ধরবে। সামাজিক উন্নয়নে মোবাইল ফোন সেবা কীভাবে প্রভাব বিস্তার করেছে—এই সম্মেলনে এ বিষয়টি তুলে ধরা হবে। এ ছাড়া তাদের কাজের ধরন ও এতে বিভিন্ন ধরনের বাধা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরবে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। এ ছাড়া প্রতিষ্ঠানগুলোর সর্বশেষ প্রযুক্তিগত অগ্রগতি তুলে ধরবে সম্মেলনে। ভবিষ্যত্ প্রজন্মের প্রযুক্তি কেমন হবে তাও উঠে আসবে এই সম্মেলনের মাধ্যমে। পরবর্তী সময়ে মোবাইলশিল্পের বিকাশে বিভিন্ন তথ্য তুলে ধরবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
সম্মেলনে যোগ দিতে বাংলাদেশ থেকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান (বিটিআরসি), মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের সংগঠন এমটব, মোবাইল অপারেটরদের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। তাঁরা বাংলাদেশের মোবাইল সেবার বিভিন্ন দিক তুলে ধরবেন।
সম্মেলনের একটি অংশ জুড়ে থাকবে সর্বশেষ বিভিন্ন প্রযুক্তি সেবার নমুনা। এতে নানা ধরনের চমক লাগানো প্রযুক্তির সমারোহ দেখা যাবে।
সম্মেলনের বিভিন্ন তথ্য জানা যাবে : http://www.mobileworldcongress.com/ এই ঠিকানায়।