মোবাইল কংগ্রেসে বাংলাদেশ রেলওয়ের পুরস্কার লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল প্রযুক্তির সবচেয়ে বড় আয়োজন ‘২০১৩ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস’-এ সেরা মোবাইল গ্রাহক সেবার পুরস্কার পেয়েছে বাংলাদেশ রেলওয়ের ই-টিকিট সেবা। যদিও এই পুুরস্কার বাংলাদেশের হাতে উঠছে না। পুরস্কার পাচ্ছে বাংলাদেশ রেলওয়ের ই-টিকিট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভারতের মাহিন্দ্রা কমভিবা। গত ২৬ ফেব্রুয়ারি মোবাইল কংগ্রেসের দ্বিতীয় রাতে ঘোষণা করা হয় ‘১৮তম গ্লোবাল মোবাইল অ্যাওয়ার্ড’। আর এতেই রেলওয়ের ই-টিকিট সেবা ব্যবস্থা পুরস্কৃত হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে জানানো হয়, সারা দুনিয়া থেকে প্রায় ৫০০ মনোনয়ন জমা পড়েছিল এই পুস্কারের জন্য। বিভিন্ন বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে ৩৪ পণ্য বা প্রতিষ্ঠানকে। এর মধ্যে অ্যাপস সেবায় সেরা হয়েছে ফেসবুক, সেরা মোবাইল অ্যাপস ওয়াজি, অ্যাপসে সেরা নেটওয়ার্ক ভারতের ভারতী টেলিকম, সেরা মোবাইল হ্যান্ডসেট নির্বাচিত হয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি এসথ্রি, সেরা ফিচারড ফোন পুরস্কার জিতেছে নকিয়া আশা ৩০৫, সেরা ডিভাইস নির্মাতা হিসেবে স্যামসাং, নেক্সাস সেভেনের জন্য সেরা ট্যাবলেট পুরস্কার জিতেছে গুগল ও আসুস। মোবাইল স্পেকট্রামের জন্য নিউজিল্যান্ড সরকারকেও পুরস্কার দেওয়া হয়েছে। মোবাইল সরকারের পুরস্কার জিতেছে মালডোভা। ২৮ ফেব্রুয়ারি শেষ হয়ে যাওয়া চার দিনের এ মেলায় মোবাইল ফোনের নতুন সব প্রযুক্তি দেখানো হয়েছে। পাশাপাশি ছিল নানা সেমিনার ও সিম্পোজিয়াম। শিশুদের জন্য ইন্টারনেট নিরাপত্তা ব্যবস্থা বিষয়ে আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেছেন, প্রয়োজনে বড়দের দায়িত্ব নিয়ে ইন্টারনেটের নিরাপত্তা জোরদার করতে হবে, তাই বলে অনিরাপত্তার অজুহাতে শিশু-কিশোরদের এই দুনিয়া থেকে দূরে রাখা যাবে না। সেমিনারের আয়োজক টেলিনরের প্রধান নির্বাহী জন ফ্রেডরিক বাকসাস বলেছেন, ‘আমাদের ছোটবেলায় আমরা যা পাইনি, আমাদের সন্তানদের কাছ থেকে সেটা ছিনিয়ে নেওয়ার অধিকারও আমাদের নেই।’—পান্থ রহমান, বার্সেলোনা (স্পেন) থেকে