মোবাইল প্রযুক্তি নিয়ে 'মোবিকন' অনুষ্ঠিত
গুগল ডেভেলপার গ্রুপ (জিডিজি) ঢাকার আয়োজনে গতকাল শনিবার রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) মোবাইল প্রযুক্তি নিয়ে ‘মোবিকন ২০১৬’ সম্মেলন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে মোবাইল ফোনের জন্য প্রোগ্রামিং নিয়ে কর্মশালা, ‘টেকটক’ শিরোনামে আলোচনা সভা এবং মোবাইল অ্যাপ ও সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর প্রদর্শনী ছিল।
সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম আহসান অংশগ্রহণকারীদের উদ্দেশে প্রযুক্তি বিশ্বে ব্যর্থতা থেকে সফল হওয়া মানুষদের গল্প শোনান। তিনি বলেন, বাধা এলেও এগিয়ে যেতে হবে। অন্যান্যের মধ্যে আইইউবির উপাচার্য ওমর রহমান এবং দৈনিক ইত্তেফাক-এর নির্বাহী পরিচালক ও প্রকাশক তারিন হোসেন অনুষ্ঠানে বক্তৃতা করেন। আয়োজন প্রসঙ্গে গুগল ডেভেলপার গ্রুপ কমিউনিটির উপদেষ্টা আরিফ নিজামী বলেন, দেশে মোবাইল প্রযুক্তির উদ্ভাবনে কাজ করতে সহায়তা করবে এ সম্মেলন।
মোবিকনে অংশ নেওয়া মোবাইল অ্যাপগুলো থেকে বাছাই করে সেরা তিন উদ্যোগকে মোবাইল উদ্ভাবন পুরস্কার দেওয়া হয়। প্রথম হয়েছে আরএক্স ৭১ লিমিটেডের তৈরি ‘আরএক্স হেলথ’ নামের অ্যাপ। ইউনিলিভার বাংলাদেশ ও মাইন্ডশেয়ারের আইভিআরভিত্তিক মোবাইল রেডিও সেবা ‘কানামাছি স্টেশন’ দ্বিতীয় এবং অ্যাপটিটিভ দলের রেস্তোরাঁভিত্তিক অ্যাপ ‘ইট কিট’ তৃতীয় হয়েছে।