মোবাইল ফোন এখন গরিবের ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের পুলিশ বাহিনীর সদস্যরা তাঁদের মাসিক বেতন পান মোবাইল ফোনের খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে। কেনিয়াতে শ্রমিকেরা মোবাইল ফোনের কয়েকটি বোতাম টিপে পরিবারের কাছে তত্ক্ষণাৎ টাকা পাঠাতে পারেন। টাকা পাঠানো থেকে শুরু করে স্বল্প মেয়াদে টাকা জমানো পর্যন্ত বিভিন্ন ব্যাংকিং সেবা দেওয়ার মাধ্যম হয়ে ওঠায় উন্নয়নশীল বিশ্বের অনেক দেশেই মোবাইল ফোন এখন ‘পকেট ব্যাংক’ হিসেবে পরিচিত হয়ে উঠছে। বিশেষ করে, যেসব দেশে আধুনিক ব্যাংকিং ব্যবস্থা ও পর্যাপ্ত ব্যাংকের অভাব আছে, সেসব জায়গায় এই সেবা দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। দেশ ও বিদেশ থেকে টাকা পাঠানো, বিল পরিশোধ, এমনকি কেনাকাটায়ও মোবাইল ব্যাংকের সেবা নিচ্ছে গ্রাহকেরা।বিশেষ করে, যাদের ব্যাংক হিসাব নেই, তাদের কাছে এই সেবা দ্রুত জনপ্রিয় হচ্ছে। এ সম্পর্কে স্পেনের বার্সেলোনায় সম্প্রতি শেষ হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ৮০০টি তারহীন যোগাযোগসেবাদাতা প্রতিষ্ঠানের সংগঠন জিএসএম অ্যাসোসিয়েশনের পরিচালক গ্যাভিন ক্রুগেন বলেন, ‘পৃথিবীতে অন্তত ১০০ কোটি মোবাইল ফোনের গ্রাহক আছে, যাদের কোনো ব্যাংক হিসাব নেই। ‘মোবাইল ফোনে ব্যাংকিংয়ের জন্য আফ্রিকা ও এশিয়া হচ্ছে সবচেয়ে সম্ভাবনাময় জায়গা।’ উগান্ডায় প্রতিদিন এই সেবার গ্রাহক বাড়ছে ১৮ হাজার করে। কেনিয়াতে এই সংখ্যা ১৫ হাজার। আফ্রিকায় টাকা পাঠানো, বিদ্যুৎ বা পানির বিল পরিশোধ ও কেনাকাটায় মোবাইল ফোনে ব্যাংকিং সেবা ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। সেখানে বিল পরিশোধে ভোগান্তি কমিয়ে দিয়েছে এই সেবা।আফগানিস্তানের পুলিশ বিভাগ মোবাইল ফোনে ব্যাংকিং সেবা ব্যবহার করছে অভ্যন্তরীণ দুর্নীতি কমাতে। দেখা গেছে, সেখানে অভ্যন্তরীণ দুর্নীতির কারণে প্রাপ্য বেতনের অন্তত ২৫ শতাংশ টাকা কম পেত সেখানকার পুলিশ সদস্যরা। দৈনন্দিন জীবনের অনেক কাজই সহজ ও হাতের নাগালে নিয়ে আসার ফলে উন্নয়নশীল দেশগুলোতে মোবাইল ফোনে ব্যাংকিং সেবা দ্রুত জনপ্রিয় হচ্ছে। —এএফপি অবলম্বনে জাবেদ সুলতান