হাল আমলের সবচেয়ে জনপ্রিয় ও প্রয়োজনীয় যন্ত্রাংশ হাতের মোবাইল ফোন। প্রিয় এ যন্ত্রটি চুরি হয়ে গেলে অনেক সমস্যায় পড়ে যান ব্যবহারকারী। এবার মোবাইল ফোন চুরি রোধে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও সানফ্রান্সিসকোতে চালু হয়েছে বিশেষ প্রযুক্তি। ‘কিল সুইচ’ নামে বিশেষ এ প্রযুক্তিটি ইতিমধ্যে পরীক্ষা করে দেখা হচ্ছে। মূলত অ্যাপলের আইফোন ৫ এবং স্যামসাং গ্যালাক্সি এস ৪ স্মার্টফোন চুরি প্রতিরোধে নতুন এ প্রযুক্তি কতটা কার্যকর হবে, সেটিই পরীক্ষা করা হচ্ছে। বর্তমানে আধুনিক সব সুবিধার বৈশিষ্ট্যযুক্ত স্মার্টফোন হারিয়ে গেলে কিংবা চুরি হলে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় ফোনটির অপব্যবহার। বেশ কিছু পদ্ধতিতে মোবাইল ফোন চালু রাখা কিংবা বন্ধ রাখা গেলেও দূর থেকে মোবাইল ফোনকে অকেজো করার পদ্ধতি নেই। যার ফলে কারও মোবাইল চুরি হলে কিংবা হারিয়ে গেলে নানা দুশ্চিন্তার পাশাপাশি চিন্তায় পড়ে যান ব্যবহারকারীরা। যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তাদের বিশেষ দাবির পরিপ্রেক্ষিতে নতুন এ উদ্যোগ নেওয়া হলো। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির মোবাইল ফোন নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাপল, স্যামসাং, গুগলসহ অন্য প্রতিষ্ঠানগুলোও এ বিষয়ে চিঠি পেয়েছেন।গত বছরে সানফ্রান্সিসকোতে সংঘটিত ছিনতাইয়ের মধ্যে অর্ধেকই ছিল মুঠোফোন ছিনতাই। একই ঘটনা যুক্তরাজ্যেও হচ্ছে। তাই দূর থেকে মোবাইল ফোন অকেজো করে দেওয়া যায়, সে সুবিধার ‘কিল সুইচ’ নিয়ে পরীক্ষা শুরু করেছে প্রতিষ্ঠানগুলো। —বিবিসি অবলম্বনে কাজী আলম