মোবাইল ফোন থেকে পাখি বাঁচাতে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পরিবেশবিদেরা দীর্ঘদিন ধরে ভারত সরকারকে জানিয়ে আসছিলেন মোবাইল ব্যবহারের ফলে ভারতের বিভিন্ন পাখি ও কীটপতঙ্গ বিপন্ন হয়ে পড়ছে। তাঁদের অভিযোগ, লাগামহীনভাবে মোবাইল ব্যবহারের ফলে বিভিন্ন ছোট পাখি ও পতঙ্গের বেঁচে থাকার ক্ষেত্রে একটি হুমকি হয়ে দাঁড়িয়েছে। কারণ হিসেবে তাঁরা দেখিয়েছেন, মোবাইল ফোনের টাওয়ার থেকে অনর্গলভাবে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ ছড়িয়ে পড়ে তা ছোট পাখি এবং বেশকিছু পতঙ্গের বেঁচে থাকার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আর এতে করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে চড়ুই পাখি আর মৌমাছি। মোবাইল ফোনের টাওয়ার থেকে বেরিয়ে আসা অদৃশ্য তরঙ্গ মৌমাছির অবাধ বিচরণে ভীষণভাবে বাধা সৃষ্টি করছে। ফলে মৌমাছিরা মধু সংগ্রহ করতে বাধাগ্রস্ত হচ্ছে। অনুরূপভাবে চড়ুইপাখি আজ হুমকির সম্মুখীন। বিশেষজ্ঞরা বলেছেন, মানুষের কাছেই থাকতে পছন্দ করে চড়ুইপাখিরা। আর মোবাইল ফোনের কারণে এই পছন্দই তাদের কাছে আজ অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। মানুষের কাছাকাছি থাকার ফলে ফোন বা এসএমএসের তড়িৎচম্বুকীয় তরঙ্গে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে চড়ুইপাখিরা। একই ঘটনা ঘটছে অন্য বেশকিছু ছোট পাখি ও কীটপতঙ্গের ক্ষেত্রে। এসব অভিযোগ বারবার পরিবেশবিদদের পক্ষ থেকে উঠলেও এত দিনে সরকার এ বিষয়টির প্রতি তেমন গুরুত্ব আরোপ করেনি। অবশেষে ভারতের কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক সম্প্রতি এই লক্ষ্যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। এই কমিটি মোবাইল ফোনের টাওয়ার পাখি ও পতঙ্গদের কতটা ক্ষতি করে, তা খতিয়ে দেখবে। এবং এর হাত থেকে পাখি ও কীটপতঙ্গকে বাঁচাতে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, তার সুপারিশ করবে। এই কমিটির প্রধান করা হয়েছে মুম্বাইয়ের ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির পরিচালক আসাদ রহমানিকে। সদস্য করা হয়েছে দেরাদুনের ওয়ার্ল্ড লাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়া, বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স, টেলিযোগ মন্ত্রক, আইআইটি নয়াদিল্লি, কোয়েম্বাটুরের সেলিম আলি সেন্টার ফর অরনিথোলজি অ্যান্ড ন্যাচারাল হিস্ট্রির একজন করে প্রতিনিধিকে। আর পরিবেশ মন্ত্রকের প্রতিনিধি হিসেবে ডিআইজিকে (ফরেস্ট) কমিটির সম্পাদক করা হয়েছে। —অমর সাহা, কলকাতা