মোবাইল ফোন নিয়ে নারী-পুরুষের চাওয়া

স্মার্টফোন কেনার ক্ষেত্রে নারী ও পুরুষ যেসব বিষয় চান তা নিয়ে সম্প্রতি একটি জরিপ করেছে গবেষণা প্রতিষ্ঠান নিয়েলসেন। নিয়েলসেনের জরিপ অনুযায়ী, স্মার্টফোন কেনার ক্ষেত্রে নারী ও পুরুষের চাওয়ার মিল রয়েছে যে ক্ষেত্রগুলোতে তা হচ্ছে- কম দাম, উন্নত ফিচার ও দীর্ঘক্ষণ চার্জ থাকার নিশ্চয়তা।
নতুন ফোন কেনার ক্ষেত্রে নারী ও পুরুষের চাওয়ার মধ্যে বিশেষ কিছু পার্থক্যও খুঁজে পেয়েছে নিয়েলসেন। ৫৮ টি দেশে পরিচালিত জরিপ অনুযায়ী, নারীরা নতুন স্মার্টফোন কেনার সময় দাম, চুক্তি ও ক্যামেরার বিষয়টি ভালো করে লক্ষ্য করেন আর পুরুষেরা লক্ষ্য করেন অপারেটিং সিস্টেম, স্ক্রিনের মাপ ও প্রসেসরের গতি।
নিয়েলসেনের এই জরিপে দেখা গেছে, দামের ক্ষেত্রটিতে ৬৭ শতাংশ পুরুষ ও ৭২ শতাংশ নারী গুরুত্ব দেন। ফোনের ফিচারের ক্ষেত্রে ৪৯ শতাংশ পুরুষ, ৪৮ শতাংশ নারী গুরুত্ব দেন। ফোনের ব্যাটারির ক্ষেত্রে ৪৮ শতাংশ পুরুষ ও ৪৪ শতাংশ নারী, অপারেটিং সিস্টেমে ৪৮ শতাংশ পুরুষ ৪১ শতাংশ নারী, ইন্টারনেট সুবিধার ক্ষেত্রে ৪৪ শতাংশ পুরুষ ও ৩৯ শতাংশ নারী, প্রসেসরে ক্ষেত্রে ৪১ শতাংশ পুরুষ ও ৩১ শতাংশ নারী, ডিসপ্লের মাপ নিয়ে ৩৮ শতাংশ পুরুষ ও ৩৪ শতাংশ নারী, ফোনের নকশায় ৩৫ শতাংশ নারী ও ৩৪ শতাংশ পুরুষ, ক্যামেরায় ৩২ শতাংশ নারী ও ৩০ শতাংশ পুরুষ গুরুত্ব দেন।
খবরের উত্স হিসেবে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটকে ৭৮ শতাংশ নারী-পুরুষই ইতিবাচকভাবে দেখছেন।