মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ৫০০ কোটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে সারা বিশ্বে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ৫০০ কোটি ছাড়িয়েছে! সম্প্রতি এরিকসন পরিচালিত এক জরিপে এ তথ্য পাওয়া গেছে। ২০০০ সালে সারা বিশ্বে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ছিল ৭২ কোটি, যা ১০ বছরের মাথায় ৫০০ কোটিতে পৌঁছেছে। মোবাইল ফোন ব্যবহারের পাশাপাশি বেড়ে চলছে মোবাইল ফোনের মাধ্যমে উচ্চগতির নেটওয়ার্ক অর্থাৎ ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও। জরিপের তথ্য অনুযায়ী, বর্তমানেও প্রায় ৮০ শতাংশ মোবাইল ফোন ব্যবহারকারী নিজের মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এ হিসাবে ২০১৫ সালের মধ্যে মোবাইল ফোনে ব্রডব্যান্ড ব্যবহারকারীর সংখ্যা বেড়ে হবে প্রায় ৩৪০ কোটি! জরিপে আরও দেখা গেছে ৫০ কোটি ব্যবহারকারী তৃতীয় প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক বা সেবা ব্যবহার করেন।তাঁরা প্রতিদিন প্রায় ৫০০ কোটি বার থ্রিজি নেটওয়ার্ক ব্যবহার করেন।মোবাইল ফোনের ব্যবহার বাড়ার পেছনে যেসব কারণ উল্লেখযোগ্য, তার মধ্যে রয়েছে মোবাইল ফোনের মাধ্যমে সহজে ব্যাংকিং লেনদেন, কৃষক কিংবা মৎস্যজীবীরা সহজে আবহাওয়া ও কৃষি পরামর্শ, স্বাস্থ্যসেবা, শিশুদের অনলাইন শিক্ষাসুবিধা অন্যতম। কথা বলা ছাড়াও মোবাইল ফোনের মাধ্যমে এসব সেবা বাড়ার পাশাপাশি নানা ধরনের দৈনন্দিন সুবিধাদি পাওয়ার ফলে অনেকেই মোবাইল ফোন ব্যবহারে উৎসাহিত হচ্ছে। কথা বলা, ছবি তোলা থেকে শুরু করে বর্তমানে মোবাইল ফোনের মাধ্যমে এমন সব সেবা পাওয়া যাচ্ছে, যা সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে সবার কাজে লাগছে। সবকিছুর মধ্যেও মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের সুবিধাকে অন্যতম একটি বিষয় বলে জরিপে মত দিয়েছেন অনেক ব্যবহারকারী। মোবাইল ফোনে সহজে ইন্টারনেট ব্যবহারের সুবিধা বাড়াতে মোবাইল ফোন তৈরির প্রতিষ্ঠানগুলোও নানা সুবিধা যুক্ত করছে, যা মোবাইল ফোন ব্যবহারকে দিনে দিনে বাড়াচ্ছে। তবে আশার কথা হচ্ছে, শুধু উন্নত দেশেই নয়, সারা বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতেও বেড়েই চলছে মোবাইল ফোনের ব্যবহার, যা সত্যিই উৎসাহজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।—মোবাইলটেক নিউজ