জাতীয় ডিজিটাল উদ্ভাবনী পুরস্কার-২০১১ উদ্বোধনকালেআইসিটি প্রতিমন্ত্রী
মোবাইল ফোন হবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যন্ত্র
লোগো উন্মোচন এবং আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে শুরু হলো জাতীয় ডিজিটাল উদ্ভাবনী পুরস্কার-২০১১ প্রতিযোগিতা। গতকাল রোববার ঢাকার মহাখালীতে ব্র্যাক সেন্টার ইন-এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। তিনি বলেন, ‘প্রযুক্তি প্রগতির জন্য। দেশকে সাফল্যের দিকে এগিয়ে নিতে চাইলে সবার আগে আমাদের প্রযুক্তিগতভাবে এগিয়ে যেতে হবে। প্রযুক্তিকে সহজলভ্য করতে হবে। মোবাইল ফোনের কনটেন্ট দিয়ে যত সহজে মানুষের কাছে যাওয়া যাবে, অন্য কোনো মাধ্যম দিয়ে এত দ্রুত যাওয়া যাবে না। মোবাইল ফোন হবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যন্ত্র। আর এই যন্ত্রের প্রাণশক্তি হলো সফটওয়্যার ও কনটেন্ট।’ বিজ্ঞান ও আইসিটি মন্ত্রণালয় এবং ডিনেট এই প্রতিযোগিতার আয়োজক। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমানের সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন ডিনেটের নির্বাহী পরিচালক অনন্য রায়হান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের নীতিমালা বিশেষজ্ঞ আসিফ সালেহ, বাংলাদেশ চিনি ও খাদ্য করপোরেশনের চেয়ারম্যান রঞ্জন কুমার বিশ্বাস, স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস পরিচালক আবুল কালাম আজাদ, রাঙামাটির ত্রি-মাত্রিকের প্রধান নির্বাহী ওমর ফারুক, প্রথম আলোর উপ ফিচার সম্পাদক পল্লব মোহাইমেনসহ অনেকে। অনন্য রায়হান প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলেধরেন। তিনি জানান গত বছর এ প্রতিযেগিতার নাম ছিল ই কনটেন্ট প্রতিযোগিতা। এবার নাম বদল করে একে বৃহত্তর পরিসরে নিয়ে যায়োর চেষ্টা করা হয়েছে। ডিজিটাল উদ্ভাবনী পুরস্কার ২০১১-এ সরকারি ও বেসরকারি দুই ধারায় তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবা ও উদ্যোগগুলো অংশ নিতে পারবে। এ দুই ধারায় থাকবে অনেকগুলো বিভাগ। অনলাইনে প্রকল্প জমা দেওয়া যাবে ১০ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত। এরপর তিনটি ধাপে বিচারকাজ শেষ করে পুরস্কৃত করা হবে।পুরস্কারপ্রাপ্ত সবগুলো প্রকল্পই ভারতভিত্তিক মন্থন পুরস্কারের জন্য মনোনয়ন পাবে। সেরা আটটি প্রকল্প বাছাই করা হবে ‘ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ড-২০১১’ প্রতিযোগিতার জন্য। এই প্রতিযোগিতার প্রধান অংশীদার এটুআই প্রকল্প।আয়োজন সহযোগী হিসেবে আছে দি ডেইলি স্টার ও প্রথম আলো। সংবাদমাধ্যম অংশীদার এটিএন নিউজ, অনলাইন অংশীদার কমজগৎ ডট কম, জ্ঞান অংশীদার ভারতের ডিজিটাল এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশন এবং পৃষ্ঠপোষক হিসেবে আছে বিডিজবস ডট কম, ইন্টেল ও মাইক্রোসফট। www.eaward.org.bd ঠিকানার ওয়েবসাইটে এ প্রতিযোগিতার সব তথ্য পাওয়া যাবে এবংপ্রকল্প জমা দেওয়া যাবে। — মোহাম্মাদ আলী